চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি)।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোররাতে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনোহরপুর গ্রাম এলাকা থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, আজ রাত ৩টা ১৫ মিনিটে ৫৩ বিজিবির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। মাসুদপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত শূন্য লাইন থেকে প্রায় ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মনোহরপুর গ্রামে এই তল্লাশি চালানো হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৮৮টি ভারতীয় স্মার্টফোন জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৮ লক্ষ টাকা। জব্দকৃত মোবাইল ফোনগুলো পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
উল্লেখ্য যে, গত তিন মাসে ৫৩ বিজিবি সীমান্ত এলাকায় ব্যাপক তৎপরতা চালিয়েছে। এ সময়ে পৃথক পৃথক অভিযানে ৪ জন আসামিসহ ২৯১ বোতল মদ, ২১১ বোতল ফেন্সিডিল, ৭৭২ বোতল বিভিন্ন নেশাজাতীয় সিরাপ, ৩০৫০টি ট্যাপেন্টান্ডল ট্যাবলেট, ১৬৯টি গরু, ২১টি মহিষ এবং ১১০টি মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব সামগ্রীর সর্বমোট বাজার মূল্য প্রায় ৪ কোটি ৫৩ লক্ষ টাকা।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, “সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এবং সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চোরাচালান প্রতিরোধে আমাদের এই কঠোর অবস্থান বজায় থাকবে।”
তিনি আরও জানান, বর্তমানে জ্বালানি ও ভোজ্য তেল চোরাচালান রোধে সীমান্ত এলাকা ও নদী পথে অতিরিক্ত বিশেষ টহল, চেকপোস্ট এবং গোয়েন্দা নজরদারি কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে।







