, ,

গোবিন্দগঞ্জে অভাবের তাড়নায় গৃহবধূর আত্মহত্যা

নিউজটি শেয়ার করুন

গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সুন্দইল পশ্চিমপাড়া গ্রামে রেবা বেগম (৩৫) নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল প্রায় ৩টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
‎নিহত রেবা বেগম স্থানীয় আজাদুল ইসলামের স্ত্রী এবং একই গ্রামের ইব্রাহিমের কন্যা। পারিবারিক সূত্র ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে চরম আর্থিক সংকটে ভুগছিল পরিবারটি। বসতবাড়ির প্রায় তিন শতক জমি ছাড়া তাদের উল্লেখযোগ্য কোনো সম্পদ নেই। নিত্যদিনের অভাব-অনটন ও সংসারের চাপ সহ্য করতে না পেরে রেবা বেগম নিজ বসতঘরের পূর্ব দুয়ারি টিনসেড ছাপড়ার ভেতরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে।
‎ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তালুককানুপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় বিএনপি নেতা ফিরোজ কবির। তিনি জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের দাবি জানানো হয়েছে।
‎এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) পবিত্র কুমার বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
‎এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, দারিদ্র্য ও মানসিক চাপে এমন মর্মান্তিক পরিণতি রোধে সমাজের সম্মিলিত উদ্যোগ, আর্থিক সহায়তা ও মানসিক সমর্থন জরুরি।
‎