, ,

গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক শওকত হোসেন সরকার

নিউজটি শেয়ার করুন

গাজীপুর সিটি কর্পোরেশন–এর প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন শওকত হোসেন সরকার। দীর্ঘদিনের রাজনৈতিক ও স্থানীয় সরকার পরিচালনার অভিজ্ঞতার ভিত্তিতেই তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
রাষ্ট্রপতির আদেশক্রমে গত ২২ ফেব্রুয়ারি যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দেশের ছয়টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এর অংশ হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর গাজীপুর মহানগর শাখার সভাপতি শওকত হোসেন সরকার।
প্রজ্ঞাপন জারির পরপরই নগরজুড়ে এ নিয়োগ নিয়ে আলোচনা শুরু হয়েছে। নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, চলমান উন্নয়নকাজে গতি আনা এবং নাগরিক সেবা আরও সহজ ও স্বচ্ছ করাই হবে তাঁর প্রধান অগ্রাধিকার বলে জানা গেছে।
দলীয় সূত্র জানায়, শওকত হোসেন সরকার দীর্ঘদিন ধরে সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন। স্থানীয় সরকার ব্যবস্থাপনার সঙ্গে তাঁর পারিবারিক সম্পৃক্ততারও দীর্ঘ ইতিহাস রয়েছে।
জানা যায়, ২০০৩ সাল থেকে সিটি কর্পোরেশন গঠনের আগ পর্যন্ত তিনি কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর বাবা গিয়াসউদ্দিন সরকার একই ইউনিয়নে প্রায় এক দশক চেয়ারম্যান ছিলেন। এর আগে তাঁর দাদা জবেদ আলী সরকার ও চাচা সোহরাব উদ্দিন সরকার পৃথক সময়ে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
স্থানীয় নেতাকর্মীদের মতে, প্রশাসন পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা, এলাকাভিত্তিক সমস্যা সম্পর্কে সরাসরি ধারণা এবং নগরবাসীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের কারণেই তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের প্রত্যাশা, নতুন প্রশাসকের নেতৃত্বে অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা, যানজট নিরসন ও নাগরিক সেবায় কার্যকর পরিবর্তন আসবে।
দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় শওকত হোসেন সরকার বলেন, “এই দায়িত্ব আমার জন্য বড় সম্মান, একই সঙ্গে বড় দায়িত্ব। নগরবাসীর প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব। উন্নয়নকাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। গাজীপুরকে আরও পরিচ্ছন্ন, বাসযোগ্য ও নাগরিকবান্ধব করতে সবার সহযোগিতা প্রয়োজন।”
সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে সিটি কর্পোরেশনের চলমান প্রকল্পগুলোতে গতি আসবে এবং নাগরিক সেবায় দৃশ্যমান উন্নতি ঘটবে।