গাইবান্ধার সাঘাটায় অভিযান চালিয়ে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ আগস্ট) জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত ৩ আগস্ট রাতে সাঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) এস.এম. মোহায়মেনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ২ নম্বর ভরতখালী ইউনিয়নের উল্ল্যা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে উল্ল্যা বাজারের মজা পুকুরসংলগ্ন একটি মুদি দোকানের সামনে অভিযান চালিয়ে পালানোর চেষ্টা করার সময় শুভ (২৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে প্যান্টের সামনের ডান পকেটে থাকা একটি কালো পলিব্যাগ থেকে ৭ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ০.৭ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ২ হাজার ১০০ টাকা।
গ্রেপ্তার হওয়া শুভ সাঘাটা উপজেলার উল্ল্যা বাজার (শালবাগান) এলাকার মৃত মনেন্দ্রের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে সাঘাটাসহ বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানায়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় তার বিরুদ্ধে সাঘাটা থানায় মামলা দায়ের করা হয়েছে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বলেন, মাদক নির্মূলে সাঘাটা থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।







