, ,

‎গাইবান্ধায় নাবালিকা অপহরণ: অভিযোগের পরও নড়েনি পুলিশ, কাঁদছেন মা

নিউজটি শেয়ার করুন

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ১২ দিন ধরে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী সাহরিয়া আকতারকে উদ্ধার করতে পারেনি থানা পুলিশ। মেয়েকে ফেরানোর আশায় কাঁদছেন অসহায় মা শাহানাজ বেগম। পুলিশের বিরুদ্ধে গড়িমসি ও অবহেলার অভিযোগ তুলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন।
‎গত ১১ অক্টোবর সাঘাটা উপজেলার টেপাপদুমশহর গ্রামের শাহানাজ বেগমের দ্বিতীয় কন্যা সাহরিয়া আকতার (১৫) নিখোঁজ হন। পরিবারের অভিযোগ, ওইদিন প্রতিবেশী পল্লব কুমারের সহায়তায় কিছু বখাটে যুবক তাকে অপহরণ করে নিয়ে যায়। সাহরিয়া স্থানীয় পদুমশহর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। স্কুলে যাতায়াতের পথে তাকে প্রায়ই স্থানীয় বখাটেরা উত্যক্ত করতো বলে জানিয়েছেন তার মা।
‎অপহরণের পরদিন থানায় অভিযোগ জানাতে গেলে সাঘাটা থানার ওসি মামলা নিতে অস্বীকৃতি জানান, দাবি করেন শাহানাজ বেগম। কয়েকদিন ধরে থানায় ঘোরাঘুরির পর পুলিশ সুপারের কাছে অভিযোগ দাখিলের পর গত ২০ অক্টোবর মামলা নথিভুক্ত করা হয়। এরপর অভিযুক্ত পল্লব কুমারকে গ্রেপ্তার করলেও রিমান্ডে নেওয়া হয়নি, বরং সরাসরি কারাগারে পাঠানো হয়েছে।
‎সংবাদ সম্মেলনে শাহানাজ বেগম বলেন,
‎আমার মেয়েকে ১২ দিন হয়ে গেলো। পুলিশ শুধু আশ্বাস দিচ্ছে, কিন্তু কিছুই করছে না। যদি পল্লবকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতো, তাহলে সাহরিয়ার খোঁজ পাওয়া যেত।
‎তিনি তার মেয়ে উদ্ধারে ও অপহরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
‎বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। এ সময় অপহৃত সাহরিয়া আকতারের দুলাভাই মিজানুর রহমানসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।