, ,

কেশবপুরে সমবায় দিবসে তিন প্রতিষ্ঠান পেল সম্মাননা

নিউজটি শেয়ার করুন

যশোরের কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে।

এ উপলক্ষে রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের উদ্যোগে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।

সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা মোছাঃ নাসিমা খাতুনের সভাপতিত্বে এবং সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হারুন-উর-রশিদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুর রহমান শেখ।

বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, কেশবপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক কামাল উদ্দীন।

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিআরডিবির সভাপতি জাহাঙ্গীর কবীর মিন্টু, সুরক্ষিত সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মোতাহার হোসাইন ও সাংবাদিক শামীম আখতার মুকুল।

আলোচনা সভা শেষে এ উপজেলায় সর্বাধিক অডিট ফি ও সিডিএফ (সরকারি রাজস্ব) প্রদানকারী তিনটি সমবায় প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এর মধ্যে সঞ্চয় ও ঋণদান সমিতি ক্যাটাগরিতে পথ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড, কেন্দ্রীয় সমিতি ক্যাটাগরিতে কেশবপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এবং কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি ক্যাটাগরিতে কেশবপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের কর্মকর্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।