অমিতাভ চৌধুরী, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরে শারদীয় দুর্গোৎসবের মহা নবমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সমাবেশে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেছেন, “আমাদের দেশে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই, আমরা সবাই বাংলাদেশি।”
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার ত্রিপল্লী সার্বজনীন মন্দির প্রাঙ্গণে ত্রিপল্লী পূজা উদ্যাপন কমিটির উদ্যোগে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার। বিশেষ অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রূপক সিংহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু। অনুষ্ঠান পরিচালনা করেন কেশবপুর উপজেলা পূজা উদ্যাপন ফ্রন্টের সদস্যসচিব উৎপল দে ও সুমন দাস।
এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, বিএনপি নেতা ও কমিশনার আফজাল হোসেন বাবু, উপজেলা পূজা উদ্যাপন ফ্রন্টের আহ্বায়ক বিশ্বজিৎ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মোহন দেবনাথ, পৌর আহ্বায়ক মলয় বসু, ত্রিপল্লী সার্বজনীন পূজা কমিটির সভাপতি অমল দাস ও সাধারণ সম্পাদক নিতাই দাস এবং মন্দির কমিটির সভাপতি রতন দাস ও সাধারণ সম্পাদক অজয় দাস।
এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফারুক আহম্মেদ, শেখ আবু ইউনুস, মনিরুল ইসলাম মনু, যুবদল নেতা আব্দুল গফুর, ছাত্রনেতা অমেদুর রহমান অন্তুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে চারুপীঠ একাডেমির শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন।






