কুলাউড়া সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সার্ভিসেসের শুভ উদ্বোধন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আধুনিক, নির্ভুল ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কুলাউড়া সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সার্ভিসেস-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই ২০২৬) বর্ণাঢ্য আয়োজন, দোয়া ও ফিতা কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় সহ-সভাপতি, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলাউড়া সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সার্ভিসেসের চেয়ারম্যান ডা. মোহাম্মদ ইকবাল আহমদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, কুলাউড়াবাসীর জন্য বিশ্বস্ত, নির্ভুল ও আধুনিক চিকিৎসা-পরীক্ষার সুবিধা নিশ্চিত করাই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। অভিজ্ঞ চিকিৎসক, দক্ষ টেকনোলজিস্ট এবং আধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে সর্বোচ্চ মানের স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। তিনি আরও বলেন, রোগীদের আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটি পরিচালিত হবে।
প্রধান অতিথি আলহাজ্ব শওকতুল ইসলাম শকু বলেন, “চিকিৎসাসেবা এমন হতে হবে, যাতে সাধারণ মানুষের নাগালের মধ্যেই থাকে। চিকিৎসার ব্যয় মানুষের আয়ত্তের ভেতরে রাখার বিষয়ে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে খেয়াল রাখতে হবে। একই সঙ্গে সেবার মান, রোগ নির্ণয়ের নির্ভুলতা এবং রোগীদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করতে হবে। একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সবচেয়ে বড় পরিচয় হলো মানুষের আস্থা অর্জন করা।”
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারে আধুনিক, উন্নত ও জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করার যে অঙ্গীকার করা হয়েছে, কুলাউড়া সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সার্ভিসেস সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আধুনিক প্রযুক্তিনির্ভর রোগ নির্ণয়, দক্ষ চিকিৎসক এবং মানসম্মত স্বাস্থ্যসেবার মাধ্যমে কুলাউড়া ও আশপাশের মানুষের জন্য নির্ভরযোগ্য চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, “একটি উন্নত ডায়াগনস্টিক সেন্টার শুধু পরীক্ষা-নিরীক্ষার স্থান নয়, বরং সঠিক রোগ নির্ণয় ও কার্যকর চিকিৎসার অন্যতম ভিত্তি। তাই এ প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সততা, দক্ষতা, পেশাদারিত্ব ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, সুধীজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা ফিতা কেটে এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে কুলাউড়া সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সার্ভিসেস-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আয়োজকরা জানান, প্রতিষ্ঠানটিতে আধুনিক প্রযুক্তিসম্পন্ন ডায়াগনস্টিক ল্যাব, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়মিত চেম্বার এবং নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। এর ফলে কুলাউড়াসহ আশপাশের উপজেলার মানুষ নিজ এলাকায় উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন এবং দূরবর্তী শহরে যাওয়ার প্রয়োজন অনেকাংশে কমে আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।







