দেবাশীষ কর্মকার (টাঙ্গাইল জেলা) প্রতিনিধি: টাঙ্গাইলের কালীহাতী উপজেলা শিল্পকলা একাডেমিতে এখন উৎসবমুখর পরিবেশ। স্থানীয় পর্যায়ে শিল্প ও সংস্কৃতির বিকাশ এবং নতুন প্রজন্মের মাঝে সুস্থ সাংস্কৃতিক ধারা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এখানে পুরোদমে চলছে বিভিন্ন বিভাগের প্রশিক্ষণ কার্যক্রম। একাডেমি সূত্রে জানা গেছে, সংগীত, নৃত্য, আবৃত্তি ও চিত্রাঙ্কন সহ বিভিন্ন শাখায় নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছেন দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষক ওস্তাদ আবুল কালাম সেন্টু সহ অন্যান্য প্রশিক্ষক বৃন্দ। করোনা বা নানা প্রতিকূলতার স্থবিরতা কাটিয়ে বর্তমানে একাডেমির প্রতিটি ক্লাসেই শিক্ষার্থীদের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো। শিশুদের পাশাপাশি কিশোর-কিশোরীদের মধ্যেও এই প্রশিক্ষণকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গিয়েছে।
কয়েকজন অভিভাবক জানান, ডিজিটাল ডিভাইসের আসক্তি থেকে সন্তানদের দূরে রাখতে এবং তাদের ভেতরের সুপ্ত মেধা বিকাশে উপজেলা শিল্পকলা একাডেমির এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এখানে এসে শিশুরা যেমন আনন্দের সাথে শিখছে, তেমনি তাদের মানসিক বিকাশও ঘটছে। এ বিষয়ে উপজেলা শিল্পকলা একাডেমির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তৃণমূল পর্যায়ে শুদ্ধ সংস্কৃতির চর্চা ছড়িয়ে দিতে এই প্রশিক্ষণ কার্যক্রম বেগবান করা হয়েছে। নিয়মিত এই চর্চার মাধ্যমে এখান থেকে আগামী দিনে মানসম্পন্ন শিল্পী তৈরি হবে, যারা জাতীয় পর্যায়ে কালীহাতী উপজেলার নাম উজ্জ্বল করবে বলে তারা আশা প্রকাশ করেন। কালিহাতী উপজেলা শিল্পকলা একাডেমি পরিচালনা পরিষদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার, সাধারণ সম্পাদক উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আবু সাইম আল সালাউদ্দিন, সংগীত প্রশিক্ষক আবুল কালাম সেন্টু, তবলা বাদক বাদল সূত্রধর, নিত্য প্রশিক্ষক বুলবুল সরকার, চারু কারু রুহিদাস পাল, স্বেচ্ছাসেবক মারুফা খাতুন, পলাশ চন্দ্র বিশ্বাস, লিপি কর্মকার, মিজানুর রহমান, সুকান্ত রায় সহ অন্যান্য সেবক বৃন্দ।







