দেবাশীষ কর্মকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি: “দেশ গড়তে জুলাই জাগরণ” স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। (৮ জুলাই) বিকেল ৫ টায় কালিহাতী শাজাহান সিরাজ কলেজের সামনে কালিহাতী উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান বিন সিদ্দিকের সভাপতিত্বে এ পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “আমরা পরিবর্তনের জন্য রক্ত দিয়েছি। একদলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক দলের লুটপাটের জন্য ছাত্র-জনতা রক্ত দেয়নি।” তিনি দাবি করেন, অতীতে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল এবং ভিন্নমত প্রকাশ করলেই মানুষকে গুম ও হয়রানির শিকার হতে হতো। তিনি আরো বলেন, শেখ হাসিনার একটি রোগ ছিল সবাই খারাপ শেখ হাসিনা ভালো, বিএনপির আমলে এই রোগ হতে দেবো না বিএনপির সবাই খারাপ তারেক রহমান ভালো এইরোগ হতে দেবো না “যদি আবার কেউ একদলীয় শাসন প্রতিষ্ঠার কথা ভাবেন, তাহলে আওয়ামী লীগের পরিণতির কথা মনে রাখতে হবে। জুলাই সনদ প্রসঙ্গে সারজিস আলম অভিযোগ করেন, বর্তমান সরকার গুম বিরোধী অধ্যাদেশ, মানবাধিকার অধ্যাদেশ এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্পর্কিত গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করেছে। সরকার এগুলো সংশোধন করে পুনরায় আনার কথা বললেও এর মাধ্যমে ক্ষমতা কেন্দ্রীভূত করার চেষ্টা হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান। আদানী ইস্যুতে তিনি বলেন, ভারতের আদানী কোম্পানিকে ক্যাপাসিটি চার্জের নামে বাংলাদেশ থেকে বিপুল অর্থ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এ ধরনের প্রকল্প থেকে সরে এসে দেশের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন এবং প্রতিটি ঘরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।






