ডিজিটাল বাংলাদেশ ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে রোববার (১১ অক্টোবর)ঢাকার ধামরাই উপজেলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ফ্যামিলি কার্ড কর্মসূচি।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ তমিজ উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আল মামুন আরো উপস্থিত ছিলেন, মোঃ শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক, ধামরাই উপজেলা বিএনপি। সরেজমিনে জরিপকারী ও সুপারভাইজারদের হাতে ট্যাব হস্তান্তর করে এ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী পর্বে জরিপ ও ডিজিটাল ডাটা এন্ট্রি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে প্রশিক্ষণ প্রদান করা হয়। উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক জিয়াউর রহমান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে ধামরাই উপজেলার তিনটি নির্দিষ্ট এলাকায় প্রাথমিক খানা জরিপ শুরু হচ্ছে ১. কুল্লা ইউনিয়ন ২. চৌহাট ইউনিয়ন ৩. ধামরাই পৌরসভার ১ নং ওয়ার্ড
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, প্রথম পর্যায়ের জরিপ শেষ হওয়ার পর পর্যায়ক্রমে সমগ্র ধামরাই উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু করা হবে।
প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য কোনো প্রকার টাকা বা আর্থিক লেনদেনের প্রয়োজন নেই। এটি সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। জরিপ বা কার্ড প্রাপ্তির বিষয়ে কেউ যদি কোনো ধরনের অর্থ বা ঘুষ দাবি করে, তবে অনতিবিলম্বে উপজেলা প্রশাসন অথবা নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ জানানোর জন্য সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে উপজেলার প্রকৃত সুবিধাবঞ্চিত ও যোগ্য পরিবারগুলোকে সহজ ও স্বচ্ছ প্রক্রিয়ায় সরকারি সামাজিক নিরাপত্তার আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করছেন স্থানীয় সচেতন মহল।






