, ,

কবিতা

নিউজটি শেয়ার করুন

প্রশ্ন

— নাহীদ ফরহাদ রাজু

আমি তো হতে চেয়েছিলাম তোমার,
তুমি হলে না কেন আমার?

ভালোবাসা কি শুধু একার ডাকে সাড়া দেয়,
নাকি নিয়তির দেয়ালে থেমে যায় সব প্রতিশ্রুতি?

প্রতিটি সন্ধ্যা, প্রতিটি নির্ঘুম রাত
একই প্রশ্নের সামনে দাঁড় করায় আমাকে—
কোন অপরাধে তুমি রইলে না আমার?

যে স্বপ্নগুলো তোমাকে ঘিরে বুনেছিলাম,
আজ তারা নিঃশব্দে ঝরে পড়ে
স্মৃতির শুকনো পাতার মতো।
তবু হৃদয়ের গভীরে
একটি প্রশ্ন আজও অবিনশ্বর—

কোন ভুলে হারিয়ে গেলে তুমি?
কোন দূরত্ব এত বড় হয়ে উঠল
যে আমার হাত আর ছুঁতে পারল না তোমায়?

উত্তরহীন সেই প্রশ্ন
আজও বুকের গভীরে নীরবে জেগে থাকে।
সময় বদলায়, ঋতু বদলায়,
বদলায় না শুধু অপেক্ষার রঙ।

আমি আজও জানতে চাই—
আমি তো হতে চেয়েছিলাম তোমার,
তুমি হলে না কেন আমার?