মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শ্রমিকদের ন্যায্য অধিকার,মজুরি নিশ্চিতকরণ এবং শ্রমিক ইউনিয়নের ওপর কথিত অসৎ আচরণের প্রতিবাদে ধর্মঘট ও মানববন্ধন করেছেন আমান ফিড মিলের শ্রমিকেরা। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে আমান ফিড মিলের সামনে আমান ফিড মিল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে মিলের বিভিন্ন পর্যায়ের শ্রমিকেরা অংশ নিয়েছিলেন। এই সময় তাদের হাতে বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত ব্যানার ও ফেস্টুন দেখা গিয়ে। মানববন্ধনে শ্রমিকেরা অবৈধ ছাঁটাই বন্ধ, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত, ন্যায্য মজুরি প্রদান,নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিতকরণসহ বিভিন্ন দাবি তুলে ধরেছেন। একই সঙ্গে মিলের ডিজিএম দীপ্ত সর্দার ও আজম সর্দারের বিরুদ্ধে শ্রমিকদের ওপর কথিত অত্যাচার ও হয়রানির অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ও জানিয়েছেন শ্রমিকেরা। এই ঘটনায় শ্রমিক বাবর আলী, আকব্বর আলী ও উজ্জ্বল হোসেন বলেছেন, আমরা দীর্ঘদিন ধরে শ্রম দিয়ে আসছি। কিন্তু আমাদের ন্যায্য অধিকার ও পাওনা নিয়ে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হচ্ছে। শ্রমিকদের দাবি মেনে নিয়ে সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।শ্রমিকেরা আরো জানিয়েছেন,তাদের উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা। এই বিষয়ে অভিযুক্ত ডি,জি,এম দীপ্ত সর্দার কথা বলতে রাজি হয়নি।







