বরিশালের আগৈলঝাড়া উপজেলায় মাদক ও চুরির মামলার এক আসামিকে গ্রেপ্তারকে কেন্দ্র করে আগৈলঝাড়া থানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে রিয়াজ ফকির নামে মাদক ও চুরির মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর বৃহস্পতিবার দুপুরে তার পরিবারের সদস্য ও স্বজনদের একটি দল আগৈলঝাড়া থানায় এসে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা থানায় হামলা চালায় এবং ভাঙচুরের ঘটনা ঘটায়। এ সময় দায়িত্ব পালনরত ডিউটি অফিসারসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
পুলিশ জানায়, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আইনশৃঙ্খলা রক্ষা এবং থানার নিরাপত্তা নিশ্চিত করতে লাঠিচার্জ করা হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
স্থানীয়দের দাবি, সাম্প্রতিক সময়ে আগৈলঝাড়ায় এ ধরনের থানায় হামলার ঘটনা এই প্রথম, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ রানা জানান, থানায় হামলা, ভাঙচুর ও পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।







