আউটসোর্সিং ও দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ এবং মধ্যস্বত্বভোগী ঠিকাদার প্রথা বাতিলসহ ৭ দফা দাবিতে আগামী ২২ আগস্ট, শনিবার সকাল ১০টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে শান্তিপূর্ণ মানববন্ধনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটি।
শুক্রবার রাজধানীর হাতিরপুলের চায়না কিচেনে আয়োজিত এক প্রস্তুতি সভায় সংগঠনটির নেতৃবৃন্দ এ কর্মসূচির ঘোষণা দেন।
সভায় বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. নুরুল হক নুর বলেন, “দীর্ঘদিন ধরে দেশের আউটসোর্সিং ও দৈনিক ভিত্তিক কর্মচারীরা চরম বৈষম্য ও শোষণের শিকার হচ্ছেন। মধ্যস্বত্বভোগী ঠিকাদার প্রথার কারণে সরকারের প্রতি বছর প্রায় ৬৬০ কোটি টাকা রাজস্ব অপচয় হচ্ছে।” তিনি এই অপচয় বন্ধ করে কর্মচারীদের সরাসরি স্ব স্ব প্রতিষ্ঠানে আত্তীকরণের জোর দাবি জানান।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মাহবুবুর রহমান আনিস বলেন, সরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক ও প্রকল্প কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ এবং ঠিকাদার প্রথা বাতিলের ৭ দফা বাস্তবায়নের লক্ষ্যেই এ আন্দোলন জোরদার করা হচ্ছে।
পরিষদের উত্থাপিত ৭ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে:
আউটসোর্সিং ব্যবস্থা থেকে মধ্যস্বত্বভোগী ঠিকাদার প্রথা বাতিল করে কর্মচারীদের স্ব স্ব প্রতিষ্ঠানে আত্তীকরণ।
দৈনিক মজুরি ও প্রকল্পে নিয়োজিত কর্মচারীদের জাতীয় পে-স্কেলের আওতায় আনা।
অন্যায়ভাবে চাকরিচ্যুত কর্মচারীদের পুনর্বহাল ও বকেয়া বেতন পরিশোধ।
প্রস্তাবিত ‘সাময়িক শ্রমিক নীতিমালা-২০২৫’ বাতিল করে দৈনিক মজুরি ভিত্তিক কর্মরতদের চাকরি স্থায়ী করা।
কর্মচারীদের সমস্যা ও কষ্টের কথা সরাসরি তুলে ধরতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ প্রদান।
সংগঠনের নেতৃবৃন্দ গণমাধ্যম, যুব সমাজ ও মানবাধিকার সংস্থাগুলোকে শ্রমজীবী মানুষের এই ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে পাশে থাকার এবং আগামী ২২ আগস্টের শান্তিপূর্ণ মানববন্ধনে সংহতি প্রকাশ করার আহ্বান জানিয়েছেন।






