র্যালি, আলোচনা সভা, বিনামূল্যে পশু-পাখির টিকাদান ও চিকিৎসাসেবা প্রদান
গাইবান্ধার সাঘাটায় ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, সাঘাটার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ। তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য। উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) শ্রী রতন কুমার দত্ত।
আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের উৎসাহিত করা, গবাদিপশু ও হাঁস-মুরগির উৎপাদন বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদনের গুরুত্ব তুলে ধরা হয়।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ২৬ থেকে ২৮ নভেম্বর তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে প্রাণিসম্পদ সংশ্লিষ্ট ভ্রাম্যমাণ প্রচার ও প্রচারণা, গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান, ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, কৃমিনাশক বিতরণ, স্কুল ফিডিং কর্মসূচি, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা। ২৮ নভেম্বর শনিবার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটবে।
আয়োজকরা জানান, প্রাণিসম্পদ খাতকে আধুনিক, উৎপাদনমুখী ও রপ্তানিমুখী করে গড়ে তোলা, খামারিদের সচেতনতা বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে এ খাতের সম্ভাবনাকে কাজে লাগানোর লক্ষ্যে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন করা হচ্ছে।
সাঘাটা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আশরাফুল আলম সপ্তাহব্যাপী কর্মসূচিতে সংশ্লিষ্ট সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান।







