, ,

‎সাঘাটায় পথরোধ করে ৭৯ হাজার টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ

নিউজটি শেয়ার করুন

গলায় রামদা ঠেকিয়ে প্রাণনাশের হুমকি, থানায় এজাহার
‎গাইবান্ধার সাঘাটা উপজেলায় পথরোধ করে এক ব্যক্তির গলায় ধারালো রামদা ঠেকিয়ে ৭৯ হাজার টাকা ও একটি মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে সাঘাটা থানায় লিখিত এজাহার দিয়েছেন ভুক্তভোগী মো. আনিছুর রহমান চৌধুরী।
‎
‎বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের যাদুরতাইড় গ্রামের চৌধুরীপাড়া গেটের সামনে এ ঘটনা ঘটে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
‎
‎এজাহার সূত্রে জানা যায়, আনিছুর রহমান চৌধুরী সাঘাটা বাজার থেকে তাঁর চাচা শ্বশুর মো. শাহ আলীর কাছ থেকে ৭৯ হাজার টাকা ধার নিয়ে প্যান্টের পকেটে রাখেন। পরে লাল রঙের ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেলে করে বাড়ির দিকে রওনা হন। চৌধুরীপাড়া গেটের সামনে পৌঁছালে কয়েকজন ব্যক্তি তাঁর মোটরসাইকেলের গতিরোধ করেন বলে অভিযোগ করা হয়েছে।
‎
‎এজাহারে বলা হয়, অভিযুক্তরা লাঠি, লোহার রড, রামদা ও চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে তাঁকে ঘিরে ফেলেন। একপর্যায়ে একজনের নির্দেশে অপর একজন তাঁর গলায় রামদা ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেন। এ সময় তাঁর প্যান্টের পকেটে থাকা ৭৯ হাজার টাকা নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
‎
‎পরে তাঁকে মোটরসাইকেল থেকে টেনেহিঁচড়ে নামিয়ে মারধর করে মোটরসাইকেলটি নিয়ে যাওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। মোটরসাইকেলটির আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫৬ হাজার ৫০০ টাকা বলে দাবি করেছেন এজাহারকারী।
‎
‎তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসতে দেখে অভিযুক্তরা অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলেও অভিযোগে বলা হয়েছে।
‎
‎ঘটনার সাক্ষী হিসেবে মো. আশরাফুল ইসলাম, মোছা. আয়েশা চৌধুরী, সুজন চন্দ্র ও মো. নুরুন্নবীসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
‎
‎এজাহারকারী আরও অভিযোগ করেন, টাকা ও মোটরসাইকেল উদ্ধারের চেষ্টা এবং আইনি পদক্ষেপ নেওয়ার কারণে অভিযুক্তরা তাঁকে মারধর, খুন-জখম ও লাশ গুমের হুমকি দিচ্ছেন। এতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
‎
‎এ ঘটনায় সাঘাটা থানায় লিখিত এজাহার দিয়ে ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন আনিছুর রহমান চৌধুরী।
‎
‎তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ অভিযোগটি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।