, ,

রাশিয়া টুডের উদ্যোগে শতাধিক বাংলাদেশি সাংবাদিকের অংশগ্রহণে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

নিউজটি শেয়ার করুন

 

রুশ হাউসে সাংবাদিকতার আধুনিক কৌশল ও পেশাগত দক্ষতা উন্নয়নে আলোচনা

বাংলাদেশের শতাধিক সাংবাদিকের অংশগ্রহণে বিশেষ সেমিনারের আয়োজন করেছে রাশিয়ার আন্তর্জাতিক সংবাদমাধ্যম রাশিয়া টুডে (আরটি)। রাশিয়ান হাউস ইন বাংলাদেশ-এর সহযোগিতায় শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর রাশিয়ান হাউসের প্রধান মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল, প্রিন্ট মিডিয়া ও অনলাইন নিউজ পোর্টালের শতাধিক সাংবাদিক ও গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আরটি ইন্ডিয়ার প্রোগ্রাম ডিরেক্টর রুসলান ইমায়েভ এবং আরটি একাডেমির প্রধান আনা কোভতুনোভা। তাঁরা যথাক্রমে ‘সংবাদ কনটেন্টের মাধ্যমে দর্শক-শ্রোতার সম্পৃক্ততা বৃদ্ধি’ এবং ‘আরটি একাডেমির শিক্ষার সুযোগ’ শীর্ষক বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য ও উপস্থাপনা তুলে ধরেন।

রুসলান ইমায়েভ বর্তমান পরিবর্তনশীল গণমাধ্যম বাস্তবতায় সংবাদ উপস্থাপনার কার্যকর কৌশল, সংবাদ কনটেন্টের মানোন্নয়ন এবং দর্শক-শ্রোতার সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর বিভিন্ন দিক তুলে ধরেন।

অন্যদিকে, আনা কোভতুনোভা সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও জ্ঞান বৃদ্ধিতে আরটি একাডেমির বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি অনলাইন ও সরাসরি অংশগ্রহণের মাধ্যমে সাংবাদিকদের প্রশিক্ষণ গ্রহণের সুযোগ এবং পেশাগত উন্নয়নে এসব কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।

সেমিনারের স্বাগত বক্তব্যে রাশিয়ান হাউস ইন বাংলাদেশের পরিচালক আলেকজান্দ্রা এ. খলেভনয় আমন্ত্রিত অতিথি ও অংশগ্রহণকারী সাংবাদিকদের স্বাগত জানান। তিনি পেশাগত সংলাপ, গণমাধ্যমের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং সাংবাদিকদের জন্য শিক্ষামূলক সুযোগ সৃষ্টির গুরুত্বের ওপর আলোকপাত করেন।

অনুষ্ঠানে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী সাংবাদিকরা সাংবাদিকতা, সংবাদ কনটেন্ট এবং পেশাগত দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। আরটির প্রতিনিধিরা তাঁদের প্রশ্নের বিস্তারিত উত্তর দেন।

সেমিনারে অংশ নেওয়া সাংবাদিকরা আরটির সঙ্গে ভবিষ্যতে পেশাগত যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে বাংলায় সংবাদ কনটেন্ট তৈরি ও প্রকাশের ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।

এ সময় আরটি একাডেমির পক্ষ থেকে বাংলাদেশের গণমাধ্যমকর্মীদের জন্য অনলাইন ও সরাসরি অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের আগ্রহ ও প্রস্তুতির কথা জানানো হয়।

 

সংশ্লিষ্টরা মনে করছেন, এ সেমিনার বাংলাদেশের গণমাধ্যমকর্মীদের সঙ্গে রাশিয়া টুডের পেশাগত যোগাযোগ জোরদার, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।