, ,

মানুষের ভালোবাসায় স্মরণীয় তরিকুল ইসলাম, যশোরের উন্নয়নে তাঁর অবদান অবিস্মরণীয়

নিউজটি শেয়ার করুন

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন ও মানুষের কল্যাণে প্রয়াত বিএনপি নেতা তরিকুল ইসলামের অবদান স্মরণ করে যশোরের কেশবপুরে তাঁর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে কেশবপুর পৌর বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল আজাদ বলেন, তরিকুল ইসলাম ছিলেন একজন আপসহীন ও সাহসী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ছিলেন লৌহমানব। তাঁর হাত ধরেই অনেকের রাজনীতিতে পথচলা শুরু হয়েছে। যশোরের উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি সব সময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন। মানুষের প্রতি তাঁর ভালোবাসা ও অবদানের কারণেই তিনি আজও মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে আছেন।

পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল সামাদ বিশ্বাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহীদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব বাবুল রানা বাবু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ ও পৌর ছাত্রদলের সদস্যসচিব মনিরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা ওলামা দলের আহ্বায়ক শরিফুল ইসলাম। আলোচনা সভা শেষে প্রয়াত তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা খলিলুর রহমান।

এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং কেশবপুরের ১১টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।