অত্যন্ত আনন্দঘন ও জাঁকজমকপূর্ণ পরিবেশে উদযাপিত হলো কবি ও সাংবাদিক মোঃ আলমগীর হোসেন এর প্রথম একক কাব্যগ্রন্থ ‘স্মৃতির প্রত্নতত্ত্ব’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান। জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকার আয়োজনে এবং বিভিন্ন সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক অন্য মাত্রা লাভ করে।
যমুনাতীরবর্তী সিরাজগঞ্জ জেলার কাজিপুরের মাটি ও মানুষের জীবনবোধ, ফেলে আসা দিনগুলোর স্মৃতি এবং শেকড়ের টানে লেখা কবিতাগুলো নিয়ে সাজানো হয়েছে এই কাব্যগ্রন্থটি। এর আগে যৌথ কাব্যগ্রন্থ হিসেবে ‘দা হাইব্রিড অফ কালচার’ ও ‘বেয়ারিং এর তিন চাকা’ প্রকাশিত হলেও, একক কাব্যগ্রন্থ হিসেবে পাঠকদের মাঝে এটিই তার প্রথম নিবেদন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা কবির সাহিত্য সাধনা ও সাংবাদিকতা জীবনের মুন্সিয়ানা তুলে ধরে বক্তব্য রাখেন এবং বইটির সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। মোড়ক উন্মোচন শেষে এক বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও অতিথিদের মাঝে বইয়ের মোড়ক হস্তান্তর করা হয়।
নতুন এই কাব্যগ্রন্থটি সাহিত্যপ্রেমী পাঠকদের মনে গভীর দাগ কাটবে এবং বাংলা কবিতার ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।







