ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ঘরে ঘরে গ্যাস সংযোগ ও সরকারি মেডিকেল কলেজ স্থাপনসহ ছয় দফা দাবি আদায়ে নতুন করে আন্দোলনে নেমেছেন ভোলাবাসী। এসব দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে ‘আমরা ভোলাবাসী’ নামের একটি সংগঠন।
শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় ভোলা প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনটির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর।
গণস্বাক্ষর কর্মসূচিতে বক্তারা বলেন, ভোলার প্রাকৃতিক গ্যাসের ওপর এ জেলার মানুষের প্রথম অধিকার নিশ্চিত করতে হবে। ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়ার পাশাপাশি ভোলার গ্যাস ব্যবহার করে স্থানীয়ভাবে শিল্পকারখানা গড়ে তুলতে হবে। একই সঙ্গে ভোলায় মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা এবং উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। ভোলার মানুষের চাহিদা পূরণের পর উদ্বৃত্ত গ্যাস বাণিজ্যিকভাবে ব্যবহারের উদ্যোগ নেওয়া যেতে পারে।
বক্তারা আরও বলেন, ভোলা-বরিশাল সেতু শুধু ভোলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন নয়, এটি দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থা ও অর্থনৈতিক উন্নয়নের জন্যও গুরুত্বপূর্ণ। দ্রুত সেতু নির্মাণের কাজ শুরু না হলে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
সংগঠনটির সদস্যসচিব মীর মোশারেফ অমি জানান, ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ঘরে ঘরে গ্যাস সংযোগ, গ্যাসভিত্তিক শিল্পকারখানা স্থাপন, ভোলায় সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা এবং ইন্ট্রাকো কোম্পানির সঙ্গে গ্যাস চুক্তি বাতিলসহ ছয় দফা দাবি আদায়ে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন।
তিনি বলেন, এসব দাবিতে এর আগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সভা-সমাবেশ, মশাল মিছিল, গণসংযোগ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। কিন্তু দীর্ঘদিনেও দাবিগুলোর দৃশ্যমান অগ্রগতি হয়নি। এ কারণে নতুন করে গণস্বাক্ষর কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সংগৃহীত স্বাক্ষর প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিয়ে ভোলার মানুষের দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানানো হবে।







