ভুরুঙ্গামারী উপজেলার মানিককাজী এলাকায় তীব্র আর্থিক অনটন ও চরম খাদ্যসংকটের কারণে এক মর্মান্তিক মানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আজিম উদ্দিন ও আমেনা দম্পতি সংসারের খরচ ও সন্তানদের ভরণপোষণ চালাতে ব্যর্থ হয়ে তাদের সন্তানকে কাছে রাখতে পারছেন না।
পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করছেন এই দম্পতি। সম্প্রতি নাগেশ্বরী বাসস্ট্যান্ডের একটি চায়ের দোকানে প্রথম শ্রেণিতে পড়ুয়া নিজেদের সন্তানকে রেখে বাড়ি ফিরে যেতে বাধ্য হন তার বাবা। পরে স্থানীয়দের হস্তক্ষেপে শিশুটিকে উদ্ধার করে মা-বাবার জিম্মায় দেওয়া হয়।
এলাকাবাসীর মতে, অভাবের এই নির্মম বাস্তবতার শিকার কেবল এই একটি শিশুই নয়; কুড়িগ্রামের মতো জনপদে এমন অনেক পরিবার রয়েছে যারা নীরবে নিভৃতে সংগ্রাম করে যাচ্ছে।
পরিবারটির শোচনীয় অবস্থা দেখে সমাজের বিত্তবান এবং মানবিক হৃদয়ের মানুষদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি সরকারি সহায়তা ও সমাজসেবা অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।






