গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন, দুদকের অভিযান, সরকারি তদন্ত ও আদালতের নথি পর্যালোচনায় প্রশাসনিক ব্যবস্থার উদ্বেগজনক চিত্র…
যে প্রতিষ্ঠানের হাতে শিশুর ভবিষ্যৎ, সেই প্রশাসনের ভেতরে কী ঘটছে প্রাথমিক শিক্ষা একটি জাতির শিক্ষাব্যবস্থার মৌলিক ভিত্তি। শিশুর প্রথম অক্ষরজ্ঞান, নৈতিক বোধ, সামাজিক মূল্যবোধ এবং ভবিষ্যৎ নাগরিক হয়ে ওঠার প্রাথমিক প্রস্তুতি—সবকিছুর সূচনা এই স্তরে। আর এই বিশাল কর্মযজ্ঞ পরিচালনা, তদারকি ও ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (Directorate of Primary Education—DPE) এবং এর অধীন মাঠপর্যায়ের প্রশাসনিক কাঠামো।
কিন্তু এই প্রশাসনিক ব্যবস্থাকে ঘিরে বিভিন্ন সময়ে দেশের জাতীয় দৈনিক ও অন্যান্য সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান, সরকারি তদন্ত এবং আদালতের রায় পর্যালোচনা করলে উদ্বেগজনক কিছু বাস্তবতা সামনে আসে। শিক্ষক বদলি, পদায়ন, নিয়োগ, পেনশন, বেতন-ভাতা, ছুটি, বিদ্যালয়ের উন্নয়ন বরাদ্দ, কেনাকাটা, পরিদর্শন এবং প্রশাসনিক অনুমোদনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে ঘুষ, অনিয়ম, আর্থিক দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে।
এসব অভিযোগের সবগুলোর সত্যতা একইভাবে প্রতিষ্ঠিত হয়নি। কোনো কোনো ক্ষেত্রে অভিযোগের সমর্থনে প্রাথমিক তথ্য ও প্রমাণ পাওয়া গেছে, কোনো ঘটনায় সরকারি তদন্তে অনিয়ম প্রমাণিত হয়েছে, আবার কোনো ঘটনায় আদালতের বিচারিক সিদ্ধান্তও রয়েছে। অন্যদিকে, অনেক অভিযোগের তদন্ত বা বিচারিক নিষ্পত্তির সর্বশেষ তথ্য প্রকাশ্যে পাওয়া যায়নি। অভিযুক্ত কোনো কোনো কর্মকর্তা অভিযোগ অস্বীকার করেছেন।
অতএব, বিষয়টিকে কেবল বিচ্ছিন্ন কিছু কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ হিসেবে দেখার সুযোগ নেই। গণমাধ্যমে প্রকাশিত ধারাবাহিক ঘটনাগুলো থেকে প্রাথমিক শিক্ষা প্রশাসনের স্বচ্ছতা, তদারকি, নিয়ন্ত্রণ ও জবাবদিহির কাঠামো কতটা কার্যকর—সেই প্রশ্নের অনুসন্ধান সময়ের দাবি।
১. দুদকের বক্তব্য: প্রাথমিক শিক্ষা নিয়ে অভিযোগের দীর্ঘ তালিকা
প্রাথমিক শিক্ষা প্রশাসনে দুর্নীতির অভিযোগের ব্যাপ্তি বোঝার ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের একটি বক্তব্য বিশেষভাবে উল্লেখযোগ্য।
প্রথম আলোতে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, প্রাথমিক শিক্ষায় সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রাম বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান জানান, প্রাথমিক শিক্ষা খাত নিয়ে কমিশনের কাছে বিপুলসংখ্যক অভিযোগ জমা হয়েছে।
তিনি যেসব অভিযোগের কথা উল্লেখ করেন, তার মধ্যে ছিল—শিক্ষকদের পেনশনের কাগজপত্র তৈরিতে ঘুষ দাবি, শিক্ষক বদলিতে অনৈতিক অর্থ লেনদেন, নারী শিক্ষকদের মাতৃত্বকালীন ছুটি ও অর্জিত ছুটি অনুমোদনে ঘুষ, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন ও ফলাফল পরিবর্তনে অনৈতিক সুবিধা গ্রহণ, বিদ্যালয়ে শিক্ষকদের অনুপস্থিতি এবং অনৈতিক সুবিধার বিনিময়ে তদারকির ঘাটতি আড়াল করা।
এমনকি কোনো কোনো ক্লাস্টারে দীর্ঘদিন বিদ্যালয় পরিদর্শন না হওয়ার অভিযোগও তিনি তুলে ধরেন। সভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের বক্তব্যের সূত্র ধরে চার বছর পর্যন্ত কোনো কোনো ক্লাস্টারে পরিদর্শন না হওয়ার প্রসঙ্গও আলোচনায় আসে।
এ বক্তব্যের গুরুত্ব হলো, অভিযোগগুলো শুধু আর্থিক লেনদেনে সীমাবদ্ধ নয়; শিক্ষা প্রশাসনের দায়িত্ব পালন, বিদ্যালয় তদারকি এবং শিক্ষার মান নিয়ন্ত্রণের সঙ্গেও সম্পর্কিত।
তবে দুদক চেয়ারম্যানের বক্তব্যকে কমিশনের কাছে আসা অভিযোগ ও প্রাতিষ্ঠানিক পর্যবেক্ষণ হিসেবে দেখা হচ্ছে; সব অভিযোগের তদন্তে সত্যতা কিংবা বিচারিক প্রমাণ হিসেবে নয়।
২. বদলি বাণিজ্য: ডিজিটাল ব্যবস্থার আড়ালেও অনিয়মের অভিযোগ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি একটি নিয়মতান্ত্রিক প্রশাসনিক প্রক্রিয়া। শিক্ষকের পারিবারিক বাস্তবতা, কর্মস্থলের দূরত্ব, বিদ্যালয়ের শূন্য পদ এবং নির্ধারিত নীতিমালার ভিত্তিতে বদলির সিদ্ধান্ত হওয়ার কথা।
কিন্তু ২০২৪ সালের ২২ এপ্রিল আজকের পত্রিকায় প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইন বদলি কার্যক্রম ঘিরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে আসে।
প্রতিবেদনে বলা হয়, দেশের বিভিন্ন এলাকার অন্তত ২০ জন সহকারী ও প্রধান শিক্ষক বদলি কার্যক্রমে অনিয়মের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তাঁদের কয়েকজন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছেও লিখিত অভিযোগ করেছিলেন।
অভিযোগের মধ্যে ছিল—বিদ্যালয়ের প্রকৃত দূরত্ব সম্পর্কে ভুল বা মিথ্যা তথ্য প্রদান, অর্থের বিনিময়ে সুবিধাজনক বিদ্যালয়ে বদলির ব্যবস্থা, যাচাই-বাছাই ছাড়াই আবেদন অনুমোদনের জন্য অগ্রায়ণ এবং বদলি নীতিমালার যথাযথ প্রয়োগ না করা। অনলাইন আবেদন করতে গিয়ে সার্ভার ও ওটিপি সমস্যায় ভোগান্তির কথাও উঠে আসে।
এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনলাইন ব্যবস্থা চালু করেও যদি তথ্য যাচাই ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা না যায়, তাহলে প্রযুক্তি দুর্নীতি প্রতিরোধের নিশ্চয়তা দিতে পারে না। বরং প্রযুক্তির পাশাপাশি তথ্যের নির্ভুলতা, সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
৩. অবসরোত্তর পাওনা: নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা ও ঘুষের অভিযোগ
একজন শিক্ষক তাঁর জীবনের দীর্ঘ সময় শিক্ষার্থীদের পেছনে ব্যয় করেন। অবসরের পর পেনশন ও অন্যান্য অবসরকালীন পাওনা তার আইনগত ও আর্থিক অধিকার। অথচ এই অধিকার বাস্তবায়নের প্রক্রিয়াকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে গুরুতর অভিযোগ সামনে এসেছে।
প্রথম আলোতে প্রকাশিত দুদকের অভিযানের এক প্রতিবেদনে বলা হয়, শিক্ষকদের অবসরোত্তর বিল অনুমোদনে দীর্ঘসূত্রতা এবং অনৈতিক আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগ পাওয়া যায়। তদন্তের অংশ হিসেবে দুদক বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এবং সংশ্লিষ্ট অবসর সুবিধা-সংক্রান্ত দপ্তরের কার্যক্রম পর্যালোচনা করে।
এখানে একটি প্রশাসনিক পার্থক্য স্পষ্ট করা জরুরি: অবসর সুবিধা বোর্ড ও ব্যানবেইসের বিষয়গুলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সরাসরি প্রশাসনিক কাঠামোর সঙ্গে এক নয়। তবে বৃহত্তর শিক্ষা প্রশাসনের সেবা ব্যবস্থায় পেনশন নিষ্পত্তি নিয়ে যে সমস্যা উঠে এসেছে, তা শিক্ষা খাতের জবাবদিহিতার আলোচনায় প্রাসঙ্গিক।
সাম্প্রতিক প্রাথমিক শিক্ষা প্রশাসনে একটি ঘটনা ঘটে যশোরে।
২০২৬ সালের ৭ জানুয়ারি যশোরের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলমকে পেনশন-সংক্রান্ত ফাইল অনুমোদনের জন্য ১ লাখ ২০ হাজার টাকা ঘুষ গ্রহণের অভিযোগে দুদক আটক করে। প্রথম আলো, এনটিভি ও বাসসসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, একজন সহকারী শিক্ষক তাঁর প্রয়াত স্ত্রী শিক্ষিকা শিরিনা আক্তারের পেনশন-সংক্রান্ত ফাইল অনুমোদনের জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে গেলে তিনি নানা অজুহাতে বিলম্ব করতে থাকেন। একপর্যায়ে ১ লাখ ২০ হাজার টাকা দাবি করার অভিযোগ ওঠে। পরে দুদক অভিযান চালিয়ে ওই অর্থসহ কর্মকর্তাকে আটক করে। এ ঘটনায় মামলা দায়ের করা হয় এবং আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঘটনাটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে যখন তাকে ছাড়িয়ে নেওয়ার দাবিতে কয়েকজন শিক্ষক ও শিক্ষা কর্মকর্তা দুদকের যশোর কার্যালয়ে অবস্থান নেন। পরবর্তী সময়ে শিক্ষকদের একাংশ দাবি করেন, কর্মকর্তাকে ফাঁসানোর উদ্দেশ্যে তার টেবিলে টাকা রেখে দেওয়া হয়েছিল।
অর্থাৎ, এখানে দুদকের অভিযান ও মামলার পাশাপাশি যদিও অভিযুক্ত কর্মকর্তার পক্ষে উত্থাপিত পাল্টা বক্তব্যও রয়েছে।
৪. বদলির বিনিময়ে ঘুষের অভিযোগ: নিম্ন আদালতের দণ্ড হাইকোর্টে বাতিল
প্রাথমিক শিক্ষা প্রশাসনে বদলি-সংক্রান্ত ঘুষের অভিযোগের একটি গুরুত্বপূর্ণ বিচারিক ঘটনা রয়েছে চট্টগ্রামের ফটিকছড়িতে।
২০১৯ সালের ২৮ মার্চ ফটিকছড়ির উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজিমেল কদরকে একজন শিক্ষিকার বদলির জন্য ঘুষ গ্রহণের অভিযোগে দুদক হাতেনাতে আটক করে। মামলার নথি অনুযায়ী, সহকারী শিক্ষক তাসলিমা আক্তারের বদলির প্রস্তাব পাঠানোর বিনিময়ে ৩০ হাজার টাকা দাবি করার অভিযোগ ওঠে। অভিযানের দিন ১০ হাজার টাকা গ্রহণের অভিযোগে তাকে আটক করা হয়।
দুদকের তদন্ত শেষে মামলাটি আদালতে যায়। ২০২৩ সালের ১৫ জুন চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালত আজিমেল কদরকে দুর্নীতির দুটি ধারায় মোট আড়াই বছরের কারাদণ্ড এবং ৪৫ হাজার টাকা অর্থদণ্ড দেন।
তবে এই মামলার বিচারিক ইতিহাস এখানেই শেষ হয়নি।
আজিমেল কদরের করা Criminal Appeal No. 6345 of 2023-এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ২০২৪ সালের ৫ জুন নিম্ন আদালতের দণ্ডাদেশ বাতিল করেন এবং তাকে অভিযোগ থেকে নির্দোষ ঘোষণা করেন।
হাইকোর্টের রায়ে বলা হয়, প্রসিকিউশন অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে এবং প্রমাণের ঘাটতির কারণে আপিল মঞ্জুর করা হলো।
এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিচারিক তথ্য। ফলে ঘটনাটিকে শুধু নিম্ন আদালতের দণ্ডের উদাহরণ হিসেবে উপস্থাপন করা ঠিক হবে না। বরং এটি দেখায়, দুর্নীতির অভিযোগে আটক, নিম্ন আদালতে দণ্ড এবং উচ্চ আদালতে আপিলের মাধ্যমে দণ্ড বাতিল।
৫. চট্টগ্রামের লোহাগাড়া: দপ্তরি নিয়োগে ঘুষ দাবির অভিযোগ
প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি নিয়োগকে কেন্দ্র করে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মেরাজ উদ্দিনের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ ওঠে।
প্রথম আলোতে প্রকাশিত সংবাদ অনুযায়ী, মধ্য পুটিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি নিয়োগের জন্য একজন প্রার্থীর কাছে ২০ হাজার টাকা দাবি করা হয়েছিল। অভিযোগের ভিত্তিতে দুদক অভিযান চালিয়ে তাকে অর্থ গ্রহণের সময় আটক করে।
অভিযানের সময় তার অফিসকক্ষ ও বাসায় তল্লাশি চালিয়ে অতিরিক্ত ১ লাখ ৩০ হাজার টাকা পাওয়া যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল।
সংশ্লিষ্ট কর্মকর্তা অভিযোগটিকে ষড়যন্ত্র বলে দাবি করেছিলেন।
এ ঘটনাটি নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে। কারণ সরকারি চাকরিতে নিয়োগের ভিত্তি হওয়ার কথা যোগ্যতা, বিধিমালা ও প্রতিযোগিতামূলক নির্বাচন—কোনো ধরনের অনৈতিক আর্থিক লেনদেন নয়।
৬. বরগুনার পাথরঘাটা: সার্ভিস বইয়ের স্বাক্ষর ও পদোন্নতিতে অর্থ দাবির অভিযোগ
প্রথম আলোতে প্রকাশিত বরগুনার পাথরঘাটার একটি প্রতিবেদনও বিশেষভাবে উল্লেখযোগ্য।
সেখানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে শিক্ষকদের বদলি, পদোন্নতি ও সার্ভিস বইতে স্বাক্ষরের নামে ঘুষ দাবির অভিযোগ তোলেন একাধিক শিক্ষক।
প্রতিবেদন অনুযায়ী, ১০ জন সহকারী শিক্ষককে পদোন্নতি দিয়ে প্রধান শিক্ষক করার নামে জনপ্রতি আট থেকে দশ হাজার টাকা এবং নিবন্ধিত বিদ্যালয়ের শিক্ষকদের সার্ভিস বইতে স্বাক্ষরের জন্য শিক্ষকপ্রতি ৫০০ থেকে এক হাজার টাকা দাবি করার অভিযোগ ওঠে।
একপর্যায়ে প্রায় অর্ধশত শিক্ষক সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তার কার্যালয় অবরুদ্ধ করেন এবং টাকা ফেরত দেওয়ার দাবি জানান।
অভিযুক্ত কর্মকর্তা অভিযোগ অস্বীকার করে ঘটনাটিকে ষড়যন্ত্র বলে উল্লেখ করেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনার তাৎপর্য এই যে, সার্ভিস বইতে স্বাক্ষর, পদোন্নতি কিংবা বদলির মতো প্রশাসনিক কাজ—যেগুলো বিধি অনুযায়ী সম্পন্ন হওয়ার কথা, সেগুলো নিয়েও অভিযোগের পরিবেশ তৈরি হয়েছে।
৭. মাগুরা-নড়াইল: বদলি নীতিমালা লঙ্ঘনের সরকারি প্রমাণ
সব অভিযোগ সংবাদমাধ্যমের বক্তব্যের ওপর নির্ভরশীল নয়। কিছু ক্ষেত্রে সরকারি তদন্ত ও গেজেটেও অনিয়মের উল্লেখ রয়েছে।
১৭ এপ্রিল ২০২৫ প্রকাশিত বাংলাদেশ গেজেটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১৮ মার্চ ২০২৫ তারিখের একটি প্রজ্ঞাপনে মাগুরার শালিখা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আকবর হোসেনের বিরুদ্ধে পূর্ববর্তী কর্মস্থল নড়াইলের লোহাগড়ায় বদলি-সংক্রান্ত অনিয়ম তদন্তে প্রমাণিত হওয়ার বিষয় উল্লেখ করা হয়।
সরকারি প্রজ্ঞাপনে উল্লেখিত অনিয়মের মধ্যে ছিল— বিধিবহির্ভূতভাবে ১৬ জন শিক্ষককে বদলি;
আত্মীয়স্বজনের বদলির প্রস্তাব পাঠানো;
পদ না থাকা সত্ত্বেও দুই শিক্ষককে বদলির ব্যবস্থা করা।
মন্ত্রণালয়ের তদন্তে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাকে ‘তিরস্কার’ দণ্ড দেওয়া হয়।
এখানে বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ এটি কেবল অভিযোগ নয়; মন্ত্রণালয়ের তদন্তে অনিয়ম প্রমাণিত হওয়ার সরকারি নথি রয়েছে।
প্রাথমিক শিক্ষা প্রশাসনে বদলি-সংক্রান্ত সিদ্ধান্তের ওপর ব্যক্তিগত সম্পর্ক বা প্রভাব বিস্তারের ঝুঁকি কতটা গুরুতর হতে পারে, এই ঘটনা তার প্রামাণ্য উদাহরণ।
৮. বিভিন্ন জেলা: বরাদ্দ, ছুটি, বেতন ও আর্থিক সুবিধা নিয়ে অভিযোগ
২০২৬ সালে প্রকাশিত বিভিন্ন সংবাদ প্রতিবেদনে প্রাথমিক শিক্ষা প্রশাসনের বিভিন্ন স্তরে অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগের চিত্র পাওয়া যায়।
ময়মনসিংহ: মৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা আমিনা খাতুনের পরিবারের পাওনা অর্থ উত্তোলনের ক্ষেত্রে ঘুষ দাবির অভিযোগ সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। প্রথম আলোর ৩১ আগস্ট ২০২৬-এর প্রতিবেদন অনুযায়ী, পরিবারের দাবি, প্রভিডেন্ট ফান্ডের প্রায় ৭ লাখ টাকা উত্তোলনে বিভিন্ন দপ্তরে মোট ৩৮ হাজার টাকা দিতে হয়েছিল। এ ছাড়া কল্যাণ তহবিলের ২ লাখ টাকা এবং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রাপ্য ৮ লাখ টাকা পেতে শিক্ষা কার্যালয়-সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আরও ১ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ ওঠে। এ ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের দুই কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ এবং তদন্তের তথ্য প্রকাশিত হয়।
চাঁদপুর: ফরিদগঞ্জে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাদাত হোসেনের বিরুদ্ধে নিয়মিত দায়িত্ব পালন না করা, বিদ্যালয় পরিদর্শনে অনিয়ম, সুপারিশ ও স্বাক্ষরের বিনিময়ে অর্থ গ্রহণ এবং বিদ্যালয়ের বরাদ্দ থেকে অর্থ নেওয়ার অভিযোগ প্রকাশিত হয়। কয়েকজন শিক্ষকের অভিযোগের ভিত্তিতে বিষয়টি সংবাদমাধ্যমে আসে। এসব অভিযোগের চূড়ান্ত তদন্তের ফলাফল প্রকাশ্যে পাওয়া যায়নি।
হবিগঞ্জ: মাধবপুরে বিভিন্ন প্রকল্পের অর্থ ব্যবস্থাপনায় অনিয়ম ও কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত আবেদন করার খবর ২০২৬ সালের জুলাই মাসে প্রকাশিত হয়। এটি এখনো অভিযোগের পর্যায়েই রয়েছে।
পটুয়াখালী: বাউফলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আখতার হোসেনের বিরুদ্ধে বদলি, ছুটি অনুমোদন, টাইম স্কেল, অডিট ব্যয় এবং বিদ্যালয়ের স্লিপ প্রকল্পের বরাদ্দ থেকে অর্থ নেওয়ার অভিযোগ প্রকাশিত হয়। একাধিক শিক্ষক অর্থ দাবির অভিযোগ করেন। তবে সংশ্লিষ্ট কর্মকর্তা অভিযোগগুলো মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অস্বীকার করেন।
বরিশাল: বাকেরগঞ্জে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিনের বিরুদ্ধে বদলি, ডেপুটেশন, মাতৃত্বকালীন ছুটি, পেনশন ও বিভিন্ন আর্থিক সুবিধার ফাইল নিষ্পত্তিতে অর্থ দাবি এবং হয়রানির অভিযোগ কিছু অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। এসব অভিযোগের স্বাধীন তদন্ত ও চূড়ান্ত নিষ্পত্তির তথ্য পাওয়া যায় নি ।
পঞ্চগড়: সদর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরীদের বেতন ও উৎসব ভাতা থেকে নিয়মবহির্ভূতভাবে অর্থ নেওয়ার অভিযোগ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমিনুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত হয়। ভুক্তভোগী কর্মচারীদের বক্তব্যের ভিত্তিতে কয়েকটি সংবাদমাধ্যম এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।
ফরিদপুর: ভাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও ঘুষের অভিযোগ ওঠার পর ২০২৬ সালের জুলাই মাসে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয় বলে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।
বিভিন্ন জেলার এসব ঘটনা প্রাথমিক শিক্ষা প্রশাসনের মাঠপর্যায়ে অভিযোগের বিস্তৃতি সম্পর্কে ধারণা দেয়। তবে অভিযোগের সংখ্যা, তদন্তের ফলাফল ও দণ্ডের পরিসংখ্যান ছাড়া এগুলো দিয়ে দেশব্যাপী দুর্নীতির প্রকৃত হার নির্ধারণ করা সম্ভব নয়।
৯. দুর্নীতির অভিযোগের ক্ষেত্রগুলো কোথায় কেন্দ্রীভূত?
গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন, অভিযোগ ও সংশ্লিষ্ট ঘটনাপ্রবাহ বিষয়ভিত্তিকভাবে পর্যালোচনা করলে প্রাথমিক শিক্ষা প্রশাসনের কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির ঝুঁকি দৃশ্যমান হয়। বিশেষ করে—
প্রশাসনিক ক্ষেত্রে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের ধরন— শিক্ষক বদলি ও পদায়ন: অর্থের বিনিময়ে পছন্দের স্থানে বদলি, বদলির সুপারিশ বা পদায়ন-সংক্রান্ত অনিয়ম।
নিয়োগ: দপ্তরি নিয়োগসহ বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে ঘুষ দাবি বা অর্থ লেনদেনের অভিযোগ।
পদোন্নতি ও চাকরিসংক্রান্ত সুবিধা: পদোন্নতি, টাইম স্কেল ও অন্যান্য চাকরিসুবিধা পাইয়ে দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ।
পেনশন ও অবসরকালীন পাওনা: পেনশন, আনুতোষিক ও অন্যান্য অবসরকালীন পাওনা নিষ্পত্তিতে অর্থ দাবি এবং ফাইল আটকে রাখার অভিযোগ।
ছুটি অনুমোদন: মাতৃত্বকালীন, অর্জিত ও অন্যান্য ছুটি অনুমোদনে অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগ।
সার্ভিস বই ও দাপ্তরিক নথি: সার্ভিস বইয়ে স্বাক্ষর, তথ্য সংশোধন, নথি হালনাগাদ ও সুপারিশ প্রদানে অর্থ দাবি।
বিদ্যালয়ের বরাদ্দ ও অর্থব্যবস্থাপনা: স্লিপ, মেরামত ও উন্নয়ন বরাদ্দের অর্থ ব্যবহারে অনিয়ম, অর্থের অংশ দাবি এবং ব্যয়ের হিসাব নিয়ে অসংগতির অভিযোগ।
প্রকল্প বাস্তবায়ন ও ক্রয়: প্রকল্পের কাজের পরিমাণ, বাস্তবায়নের মান ও ব্যয়ের হিসাব নিয়ে অনিয়মের অভিযোগ।
বিদ্যালয় পরিদর্শন ও তদারকি: নিয়মিত পরিদর্শনে অবহেলা, দায়িত্ব পালনে শৈথিল্য এবং তদারকির নামে অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগ।
দাপ্তরিক সেবা ও ফাইল নিষ্পত্তি: অযৌক্তিকভাবে ফাইল আটকে রাখা, সেবা প্রদানে দীর্ঘসূত্রতা এবং কাজ দ্রুত করে দেওয়ার বিনিময়ে অর্থ দাবি।
এই তালিকা অভিযোগের ধরন নির্দেশ করে; পরিসংখ্যানগতভাবে যাচাইকৃত দুর্নীতির হার, যদিও অভিযুক্ত কর্মকর্তাদের সংখ্যা কিংবা প্রমাণিত অপরাধের হিসাব নয়। তবে প্রশাসনিক সেবার কোন কোন জায়গায় স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ জোরদার করা প্রয়োজন, সে বিষয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত প্রদান করে।
১০. মূল সংকট: ব্যক্তি নয়, ব্যবস্থার দুর্বলতা
ঘটনাগুলোর মধ্যে ভৌগোলিক দূরত্ব রয়েছে। যশোর, চট্টগ্রাম, বরগুনা, ময়মনসিংহ, পঞ্চগড়, চাঁদপুর, হবিগঞ্জ, পটুয়াখালী, বরিশাল কিংবা ফরিদপুর—প্রতিটি এলাকার প্রশাসনিক বাস্তবতা আলাদা। কিন্তু অভিযোগের বিষয়বস্তুতে বেশকিছু অভিন্ন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়।
প্রথমত, সেবা পেতে আবেদনকারীকে নির্দিষ্ট কর্মকর্তার ওপর নির্ভর করতে হয়।
দ্বিতীয়ত, আবেদন নিষ্পত্তির সময়সীমা ও ফাইলের অবস্থান সম্পর্কে আবেদনকারীর কাছে পর্যাপ্ত তথ্য থাকে না।
তৃতীয়ত, সিদ্ধান্ত গ্রহণের কারণ ও অনুমোদনের প্রক্রিয়া সব ক্ষেত্রে সহজে যাচাইযোগ্য নয়।
চতুর্থত, অভিযোগের তদন্ত ও নিষ্পত্তির ফলাফল জনসমক্ষে প্রকাশের ক্ষেত্রে ঘাটতি রয়েছে।
পঞ্চমত, মাঠপর্যায়ের তদারকি, বিদ্যালয় পরিদর্শন এবং আর্থিক নিরীক্ষার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
এসব দুর্বলতা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তৈরি হওয়ার পরিবেশকে প্রশ্রয় দিতে পারে। কোনো ব্যক্তি দুর্নীতিতে জড়িত কি না, তা প্রমাণের দায়িত্ব তদন্তকারী সংস্থার। কিন্তু প্রশাসনিক ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করে তা সংশোধন করা সরকারের দায়িত্ব।
প্রয়োজন হচ্ছে, প্রশাসনিক সিদ্ধান্তের প্রতিটি ধাপকে নিয়ম, তথ্য, নথি ও জবাবদিহির আওতায় আনা।
১১. রাষ্ট্রের কাছে জরুরি সাত প্রশ্ন
প্রাথমিক শিক্ষা প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে রাষ্ট্র এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কয়েকটি প্রশ্নের উত্তর প্রয়োজন।
১. গত পাঁচ বছরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও অধীনস্থ কার্যালয়গুলোতে ঘুষ, দুর্নীতি ও প্রশাসনিক অনিয়মের কতটি লিখিত অভিযোগ জমা পড়েছে?
২. এসব অভিযোগের মধ্যে কতটি তদন্তে প্রমাণিত হয়েছে এবং কতজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় বা ফৌজদারি ব্যবস্থা নেওয়া হয়েছে?
৩. শিক্ষক বদলি, পদোন্নতি ও নিয়োগের ক্ষেত্রে নীতিমালা লঙ্ঘনের কতটি ঘটনা শনাক্ত হয়েছে?
৪. বিদ্যালয়ের স্লিপ, মেরামত, উন্নয়ন ও অন্যান্য বরাদ্দের অর্থ ব্যবহারে গত পাঁচ বছরে কতটি নিরীক্ষা আপত্তি উত্থাপিত হয়েছে এবং কতটি নিষ্পত্তি হয়েছে?
৫. পেনশন, বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধার আবেদন নিষ্পত্তিতে গড় সময় কত এবং দীর্ঘদিন আটকে থাকা আবেদনের সংখ্যা কত?
৬. দুদক থেকে পাঠানো অভিযোগের কতটি তদন্ত সম্পন্ন হয়েছে এবং কতটির ক্ষেত্রে মামলা বা বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে?
৭. অভিযোগ প্রমাণিত হওয়ার পরও কোনো কর্মকর্তা বা কর্মচারী একই ধরনের দায়িত্বে পুনরায় নিয়োজিত হয়ে থাকলে, তার তথ্য ও প্রশাসনিক সিদ্ধান্ত কি জনসমক্ষে প্রকাশ করা হয়?
এসব প্রশ্নের উত্তর পাওয়া গেলে প্রাথমিক শিক্ষা প্রশাসনের দুর্নীতি ও অনিয়মের বাস্তব চিত্র আরও নির্ভুলভাবে তুলে ধরা সম্ভব হবে। একই সঙ্গে প্রশাসনের কোন স্তরে সংস্কার সবচেয়ে জরুরি, সেটিও চিহ্নিত করা যাবে।
১২. উত্তরণের পথ: প্রযুক্তি, স্বচ্ছতা ও জবাবদিহি
প্রাথমিক শিক্ষা প্রশাসনে দুর্নীতি প্রতিরোধে শুধু অভিযান পরিচালনা কিংবা অভিযুক্ত কর্মকর্তাকে বদলি করাই যথেষ্ট নয়। প্রয়োজন সেবাব্যবস্থার কাঠামোগত সংস্কার।
ডিজিটাল ফাইল ব্যবস্থাপনা: শিক্ষক-কর্মচারীদের বদলি, পেনশন, ছুটি, পদোন্নতি ও অন্যান্য আবেদন অনলাইনে গ্রহণ করে প্রতিটি ফাইলের অবস্থান, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং নিষ্পত্তির সময়সীমা দৃশ্যমান করতে হবে।
স্বয়ংক্রিয় সিদ্ধান্ত ও যাচাই: বদলি-পদায়নের ক্ষেত্রে নির্ধারিত নীতিমালা ও তথ্যভিত্তিক যাচাই নিশ্চিত করতে হবে, যাতে একক কর্মকর্তার ইচ্ছাধীন সিদ্ধান্তের সুযোগ কমে।
বরাদ্দের উন্মুক্ত হিসাব: প্রতিটি বিদ্যালয়ের বরাদ্দ, অর্থ ছাড়, ক্রয়, প্রকল্প বাস্তবায়ন ও ব্যয়ের তথ্য জনসাধারণের জন্য উন্মুক্ত করতে হবে।
স্বাধীন অভিযোগ ব্যবস্থা: অধিদপ্তরের অভ্যন্তরীণ অভিযোগ ব্যবস্থার পাশাপাশি স্বাধীন পর্যবেক্ষণ ও অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা জোরদার করতে হবে। অভিযোগকারী শিক্ষক ও কর্মচারীদের পরিচয় ও নিরাপত্তা সুরক্ষার ব্যবস্থাও রাখতে হবে।
তদন্তের ফলাফল প্রকাশ: অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা এবং অভিযোগ প্রমাণিত না হলে সংশ্লিষ্ট ব্যক্তির অবস্থান যথাযথভাবে প্রকাশ করতে হবে। এতে একদিকে দুর্নীতির বিরুদ্ধে জবাবদিহি প্রতিষ্ঠিত হবে, অন্যদিকে নির্দোষ ব্যক্তির মর্যাদাও সুরক্ষিত থাকবে।
নিয়মিত সামাজিক নিরীক্ষা: বিদ্যালয়ের উন্নয়ন বরাদ্দ ও অবকাঠামোগত কাজের ক্ষেত্রে অভিভাবক, স্থানীয় জনগণ এবং সংশ্লিষ্ট অংশীজনের অংশগ্রহণ নিশ্চিত করা যেতে পারে।
জিরো টলারেন্সের বাস্তব প্রয়োগ: ঘুষ গ্রহণ, সরকারি অর্থ আত্মসাৎ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তে প্রমাণিত হলে পদমর্যাদা নির্বিশেষে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে তদন্ত ও বিচারপ্রক্রিয়াকে প্রভাবমুক্ত রাখতে হবে।
শেষাংশ: দুর্নীতির বিস্তার, ঝুঁকিতে প্রাথমিক শিক্ষার ভবিষ্যৎ
প্রাথমিক শিক্ষা প্রশাসনের দুর্নীতি নিয়ে আলোচনাটি শেষ পর্যন্ত কেবল কত টাকা ঘুষ নেওয়া হয়েছে, কতজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে কিংবা কতটি অভিযান পরিচালিত হয়েছে—সেই হিসাবের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না।
এর সঙ্গে জড়িয়ে আছে শিক্ষকের মর্যাদা, অবসরপ্রাপ্ত কর্মচারীর জীবনের নিরাপত্তা, একজন নারী শিক্ষকের অধিকার, বিদ্যালয়ের উন্নয়ন এবং সর্বোপরি শিশু শিক্ষার পরিবেশ।
যে শিক্ষক শ্রেণিকক্ষে দাঁড়িয়ে শিশুকে সততা শেখান, তাকেই যদি নিজের ন্যায্য অধিকার পেতে অনৈতিক লেনদেনের অভিযোগের মুখোমুখি হতে হয়, তাহলে রাষ্ট্রের নৈতিক শিক্ষার ভিত্তি কোথায় দাঁড়ায়?
যে বিদ্যালয়ের জন্য সরকার অর্থ বরাদ্দ দেয়, সেই অর্থের ব্যবহার যদি স্বচ্ছভাবে যাচাই করা না যায়, তাহলে শিক্ষার অবকাঠামোগত উন্নয়নের সুফল কতটা নিশ্চিত হবে?
গণমাধ্যমে প্রকাশিত ঘটনাগুলো একত্রে একটি মৌলিক সত্যের দিকে ইঙ্গিত করে—প্রাথমিক শিক্ষা প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এখন আর শুধুই প্রশাসনিক সংস্কারের বিষয় নয়; জাতীয় শিক্ষার ভবিষ্যৎ রক্ষারও প্রশ্ন।
অভিযোগ মানেই সংঘটিত অপরাধ নয়। অভিযুক্ত প্রত্যেকের আত্মপক্ষ সমর্থনের অধিকার রয়েছে। তেমনি তদন্তে ও বিচারিক প্রক্রিয়ায় প্রমাণিত দুর্নীতির দায় এড়ানোরও কোনো সুযোগ নেই।
রাষ্ট্রের কাছে প্রত্যাশা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিটি দপ্তরের কার্যক্রমের পূর্ণাঙ্গ মূল্যায়ন করা হোক। গত পাঁচ বছরের অভিযোগ, তদন্ত, বিভাগীয় মামলা, নিরীক্ষা আপত্তি ও দুদকের কার্যক্রমের সমন্বিত প্রতিবেদন প্রকাশ করা হোক।
কারণ, দুর্নীতিমুক্ত প্রশাসন ছাড়া মানসম্মত প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠা সম্ভব নয়। আর যে ব্যবস্থার হাতে একটি জাতির আগামী প্রজন্মের ভিত্তি নির্মিত হয়, সেই ব্যবস্থার ভেতরেই যদি অনিয়মের অন্ধকার গাঢ় হয়ে ওঠে, তাহলে তার দায় বহন করতে হয় পুরো সমাজকে।
প্রাথমিক শিক্ষা প্রশাসনের শুদ্ধতা তাই কেবল একটি অধিদপ্তরের জবাবদিহির প্রশ্ন নয়; বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি রাষ্ট্রের নৈতিক দায়বদ্ধতারও প্রশ্ন।







