, ,

নিয়মবহির্ভূত সুবিধা না পেয়ে অভিযোগ

নিউজটি শেয়ার করুন

অভিযোগকারীদের দাবি যাচাইয়ের আহ্বান সাদ্দামের
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌর ভূমি অফিসে সীমিত জনবল নিয়ে নিয়মিত ভূমি সেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে অফিসের কার্যক্রমকে ঘিরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে আলোচনা থাকলেও এসব অভিযোগ অস্বীকার করেছেন ভূমি উপসহকারী কর্মকর্তা সাদ্দাম হোসেন। তাঁর দাবি, সরকারি বিধি-বিধান অনুসরণ করেই স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে সেবা প্রদান করা হচ্ছে।
সাদ্দাম হোসেন জানান, নির্ধারিত চারজন জনবলের মধ্যে বর্তমানে ভূমি সহকারী কর্মকর্তা না থাকায় তিনজন জনবল দিয়ে অফিসের কার্যক্রম চালাতে হচ্ছে। ডিজিটাল ভূমি সেবার কারণে কাজের পরিধি ও সেবাগ্রহীতার সংখ্যা আগের তুলনায় বেড়েছে। সীমিত জনবল নিয়ে অতিরিক্ত চাপের মধ্যেও দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা করা হচ্ছে না বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, নামজারি, খারিজ, মিসকেসসহ বিভিন্ন ভূমি সেবা সরকারি নিয়ম ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর আইন ও বিধি অনুযায়ী সেবা দেওয়াই তাঁর দায়িত্ব।
দালাল বা অননুমোদিত ব্যক্তির বিষয়ে সাদ্দাম হোসেন বলেন, তিনি যোগদানের পর থেকে সরকারি নির্ধারিত জনবলের বাইরে কোনো উমেদারকে দিয়ে অফিসের নিয়মিত কার্যক্রম পরিচালনা করেননি। কেউ অন্যের কাজ নিয়ে এলে তার পরিচয় ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।
অনিয়ম-দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, অনেক সময় কোনো ব্যক্তি নিয়মবহির্ভূত সুবিধা প্রত্যাশা করলে বা তাঁর প্রত্যাশা অনুযায়ী কাজ না হলে বাইরে গিয়ে নানা ধরনের অভিযোগ করতে পারেন। তবে কোনো ব্যক্তিকে অনৈতিক সুবিধা না দিয়ে সরকারি বিধি অনুযায়ী সেবা প্রদান করাই তাঁর দায়িত্ব।
তিনি আরও বলেন, কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করে সত্যতা যাচাই করা উচিত। প্রমাণ ছাড়া কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি না করার আহ্বান জানান তিনি।
সরেজমিনে তারাবো পৌর ভূমি অফিসে সরকারের নির্ধারিত জনবলের বাইরে কোনো উমেদারকে নিয়মিত দায়িত্ব পালন করতে দেখা যায়নি। এ সময় কয়েকজন সেবাগ্রহীতার সঙ্গে কথা হলে তারা ভূমি অফিস থেকে সেবা পাওয়ার কথা জানান। তবে জনবল বৃদ্ধি করা হলে সেবার গতি আরও বাড়বে বলে তারা মত দেন।
রাজস্ব আদায়ের বিষয়ে সাদ্দাম হোসেন জানান, মাইকিং ও নোটিশের মাধ্যমে ভূমি মালিকদের নিয়মিতভাবে রাজস্ব পরিশোধের বিষয়ে অবহিত করা হয়।
স্থানীয়দের মতে, সীমিত জনবল দিয়ে বিপুলসংখ্যক সেবাগ্রহীতার চাপ সামলানো কর্মকর্তা-কর্মচারীদের জন্যও কঠিন। তাই প্রয়োজনীয় জনবল বৃদ্ধি করা হলে ভূমি সেবা আরও দ্রুত ও সহজ হবে।
এদিকে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সঠিক তথ্য-প্রমাণের ভিত্তিতে যাচাই-বাছাইয়ের দাবি উঠেছে। একই সঙ্গে নিয়মবহির্ভূত সুবিধা না পাওয়াকে কেন্দ্র করে কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ভিত্তিহীন বা অসত্য অভিযোগ করা হলে তারও নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সাদ্দাম হোসেন বলেন, সেবাগ্রহীতার প্রয়োজনীয় কাগজপত্র ঠিক থাকলে সরকারি নিয়ম অনুযায়ী সেবা দেওয়াই আমার দায়িত্ব। অনৈতিক কোনো সুবিধা দেওয়ার সুযোগ নেই এবং নিয়মের বাইরে গিয়ে কোনো কাজ করাও সম্ভব নয়।
স্থানীয় সেবাগ্রহীতাদের প্রত্যাশা, তারাবো পৌর ভূমি অফিসের জনবল সংকট দ্রুত নিরসনের পাশাপাশি ভূমি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিয়মের যথাযথ প্রয়োগ অব্যাহত থাকবে।