, ,

ধামরাইয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিউজটি শেয়ার করুন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ঢাকার ধামরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ধামরাই উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় পৌরসভার রথখোলা এলাকা থেকে হাজারো নেতাকর্মীর সমাগমে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যাত্রাবাড়ী মাঠে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও ঢাকা জেলা যুবদলের সভাপতি ও ঢাকা জেলা পরিষদের প্রশাসক মোঃ ইয়াসিন ফেরদৌস মুরাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা জেলা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ তমিজ উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য সুলতানা আহম্মেদ, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সামছুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আতিকুজ্জামান স্বপন এবং ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব খান।
এছাড়াও সভায় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল এবং ছাত্রদলের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। অনুষ্ঠানটি সফল করতে অগ্রণী ভূমিকা পালন করেন পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম সুজন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ হাবিব ও পৌর ছাত্রদল নেতা উৎসবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, গত ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনে যুবদলের অকুতোভয় কর্মীরা রাজপথে থেকে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার রক্ষায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত হয়ে রাজপথে থাকার আহ্বান জানান তাঁরা।
সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।