ঢাকা মহানগরীর যানজট নিরসন, অটোরিকশা ও ইজিবাইকের চলাচল নিয়ন্ত্রণ, গ্যারেজ নিবন্ধন এবং চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন প্রস্তাব দিয়েছেন মোঃ রিয়াজুল হক।
তাঁর প্রস্তাবের মধ্যে রয়েছে যানজটপ্রবণ সড়কে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ, গ্যারেজ নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূলক করা, যানবাহনের সঠিক হিসাব সংরক্ষণ এবং গুরুত্বপূর্ণ মোড়ে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল স্থাপন।
রিয়াজুল হক মনে করেন, গাবতলী, শাহবাগ, প্রেস ক্লাব, কাওরান বাজার, তেজগাঁও, মহাখালী, গুলিস্তান, সায়েদাবাদ ও যাত্রাবাড়ীসহ গুরুত্বপূর্ণ এলাকায় সড়কের ধারণক্ষমতা বিবেচনায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা প্রয়োজন। পাশাপাশি সড়ক দখল করে গড়ে ওঠা অটোরিকশার স্ট্যান্ড সরানো এবং রং সাইডে যানবাহন চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি।
তিনি অটোরিকশা ও ইজিবাইকের গ্যারেজ নিবন্ধনের আওতায় আনা, যানবাহনের ধরন অনুযায়ী ফি নির্ধারণ এবং চালকদের লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন। একই সঙ্গে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের এলাকাভিত্তিক গ্যারেজ, যানবাহন ও চালকের সংখ্যা নির্ধারণ করে তথ্য অনলাইনে প্রকাশের প্রস্তাব করেছেন।
চালকদের নিরাপত্তার বিষয়ে রিয়াজুল হক বলেন, অটোরিকশা ছিনতাই ও চালকদের হয়রানি প্রতিরোধে প্রশাসনের নজরদারি বাড়ানো প্রয়োজন। এ ছাড়া অনুমোদনহীন ওয়ার্কশপে অটোরিকশা তৈরি নিয়ন্ত্রণ এবং গ্যারেজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
তাঁর মতে, অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ, গ্যারেজ ব্যবস্থাপনা, ট্রাফিক আইন প্রয়োগ এবং ডিজিটাল সিগন্যাল ব্যবস্থার সমন্বিত উদ্যোগ নেওয়া হলে রাজধানীর যানজট কমানো ও চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।
উল্লেখ্য, এসব প্রস্তাব মোঃ রিয়াজুল হকের নিজস্ব ভাবনা ও মতামতের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে।







