জামালপুর সদর উপজেলার লক্ষীরচর ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা হক মিয়া (৫০) হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি ভাতিজা আব্দুস সালাম (৩৯)কে গ্রেপ্তার করেছে জামালপুর সদর থানা পুলিশ।
বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরের গাছা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুস সাকিব জানান, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক আসামি সালামকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ জুন সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার লক্ষীরচর ইউনিয়নের মধ্যরচর এলাকায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে ট্রাকচালক হক মিয়া ও তার ভাতিজা আব্দুস সালামের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিরোধ চরমে পৌঁছালে সালাম দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হক মিয়ার ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হন হক মিয়া।
ঘটনার খবর পেয়ে ওসি নাজমুস সাকিবের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকেই আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।
জামালপুর পুলিশ সুপার ফারহানা আক্তারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলামের তত্ত্বাবধানে সদর থানার একটি বিশেষ টিম বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে বুধবার সকালে গাজীপুর মহানগর এলাকা থেকে আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন জানান, ঘটনার প্রায় ১০ থেকে ১৫ দিন আগে বিদেশ থেকে নিজ বাড়িতে ফিরেছিলেন সালাম। ঘটনার দিন জমিতে কাজ করার সময় দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সালাম ধারালো অস্ত্র দিয়ে হক মিয়ার ওপর হামলা চালায়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর সালাম আত্মগোপনে চলে যায়।
ওসি নাজমুস সাকিব বলেন, “মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে। আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত জানতে গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।







