‘নদী বাঁচলে শহর বাঁচবে, পরিবেশ বাঁচলে মানুষ সুস্থ থাকবে’—মানবিক উদ্যোগে প্রশংসায় ভাসছেন ডা. সাদিয়া মনোয়ারা ঊষা
চিকিৎসকের দায়িত্ব কি শুধু চেম্বারে বসে রোগী দেখা আর প্রেসক্রিপশন লেখা? নাকি রোগের উৎপত্তির কারণ অনুসন্ধান করে মানুষকে সুস্থ রাখার পরিবেশ তৈরিতেও ভূমিকা রাখা? এমন প্রশ্নেরই বাস্তব উত্তর দিয়েছেন চিকিৎসক ডা. সাদিয়া মনোয়ারা ঊষা। রোগীদের চিকিৎসা দিতে গিয়ে তিনি উপলব্ধি করেছেন, দূষিত পরিবেশও মানুষের অসুস্থতার অন্যতম কারণ। সেই উপলব্ধি থেকেই এবার চিকিৎসাসেবার গণ্ডি পেরিয়ে যশোরের ঐতিহ্যবাহী ভৈরব নদী রক্ষায় নেমেছেন তিনি।
তাঁর বিশ্বাস, ‘নদী বাঁচলে শহর বাঁচবে, পরিবেশ বাঁচলে মানুষ সুস্থ থাকবে।’ এই বিশ্বাসকে ধারণ করেই কচুরিপানা ও ময়লা-আবর্জনায় ভরাট হয়ে যাওয়া ভৈরব নদী পরিষ্কারের উদ্যোগ নেন তিনি। শুরুতে একাই নদীতে নেমে কচুরিপানা ও আবর্জনা পরিষ্কার করতে থাকেন। তাঁর সেই উদ্যোগের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়তেই বদলে যায় দৃশ্যপট। একে একে এগিয়ে আসেন স্বেচ্ছাসেবীরা। শেষ পর্যন্ত তাঁর আহ্বানে সাড়া দিয়ে খুলনা ও যশোরের শতাধিক মানুষ নদী পরিষ্কারের কাজে অংশ নেন।
শুক্রবার (১৩ নভেম্বর) কারও আসার অপেক্ষায় না থেকে নিজেই নদীতে নেমে পড়েন ডা. ঊষা। তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। শনিবার সকাল থেকে ‘ওয়াফ ফাউন্ডেশন’-এর ব্যানারে প্রায় শতাধিক স্বেচ্ছাসেবী নদীতে নেমে কচুরিপানা ও ময়লা-আবর্জনা অপসারণের কাজ শুরু করেন। পরে তাঁদের সঙ্গে যোগ দেন স্থানীয় বাসিন্দারাও। একজনের একক উদ্যোগ ধীরে ধীরে পরিণত হয় সম্মিলিত জনসচেতনতামূলক আন্দোলনে।
স্থানীয় সূত্রে জানা যায়, যশোর শহরের বুক চিরে বয়ে যাওয়া ভৈরব নদীতে একসময় জোয়ার-ভাটা ফিরিয়ে আনতে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে খননকাজ করা হয়েছিল। কিন্তু খননের পর নিয়মিত রক্ষণাবেক্ষণ ও কার্যকর ব্যবস্থাপনার অভাবে নদীটি আবারও কচুরিপানা ও ময়লা-আবর্জনায় ঢেকে গেছে। নদীর দুই পাড়ের হাসপাতাল, হোটেল, বাজারের দোকানপাট, বিভিন্ন প্রতিষ্ঠান ও বাসাবাড়ির বর্জ্য নদীতে ফেলার কারণে দূষণ ভয়াবহ আকার ধারণ করেছে বলে অভিযোগ স্থানীয়দের।
নদীর পানিতে জমে থাকা আবর্জনা ও কচুরিপানার কারণে ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে মশার উপদ্রব। একই সঙ্গে দূষিত পরিবেশে চর্মরোগ, শ্বাসকষ্ট ও পানিবাহিত রোগের ঝুঁকি বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। পাশাপাশি অবৈধ দখলের কারণে নদীটির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়ে ক্রমেই সংকুচিত হচ্ছে।
ডা. সাদিয়া মনোয়ারা ঊষা বলেন, “সুস্থ থাকার জন্য শুধু ওষুধ সেবন কিংবা জীবনযাত্রার পরিবর্তন যথেষ্ট নয়, প্রয়োজন সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ। চিকিৎসকের দায়িত্ব শুধু চেম্বারে বসে প্রেসক্রিপশন লেখা নয়; রোগের উৎপত্তির কারণ নির্ণয় করাও চিকিৎসকের দায়িত্বের অংশ। দূষিত পরিবেশ মানুষকে অসুস্থ করে তুলছে, অথচ আমরা অনেক সময় সেই মূল কারণটি উপেক্ষা করি।”
তিনি আরও বলেন, “আমি চাই, ভৈরব নদী আবার প্রাণ ফিরে পাক। নদী হবে আকাশের আয়না, নদীর স্বচ্ছ পানিতে ফুটে উঠবে আকাশের প্রতিচ্ছবি। এ জন্য নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা, অবৈধ দখলমুক্ত করা এবং সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি।”
অভিযানে অংশ নেওয়া স্বেচ্ছাসেবক তারিক মাহবুব বলেন, “চিকিৎসক ঊষার ফেসবুক পোস্ট দেখে আমরা এই উদ্যোগে যুক্ত হয়েছি। তিনি একা কাজ শুরু করেছিলেন, আমরা তাঁর পাশে দাঁড়িয়েছি। খুলনা ও যশোরের প্রায় শতাধিক স্বেচ্ছাসেবী এই কাজে অংশ নিচ্ছেন। তবে পৌরসভা ও পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতা পেলে পরিচ্ছন্নতা কার্যক্রম আরও বেগবান করা সম্ভব হতো।”
স্থানীয় বাসিন্দা এনামুল হক বলেন, “আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠান ও বাসাবাড়ির বর্জ্যে নদীটি দূষিত হয়ে গেছে। কষ্ট হলেও নদী পরিষ্কারের কাজে অংশ নিতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।”
আরেক বাসিন্দা লাল্টু হোসেন বলেন, “নদী খননে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয় করা হলেও এর সুফল ধরে রাখা সম্ভব হয়নি। যাঁদের ওপর নদী রক্ষণাবেক্ষণের দায়িত্ব, তাঁদেরই এ কাজে আরও আগে এগিয়ে আসা উচিত ছিল।”
এদিকে স্বেচ্ছাসেবীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে যশোর পৌরসভা। পৌরসভার পানি ও পয়ঃনিষ্কাশন বিভাগের প্রকৌশলী কামাল হোসেন বলেন, “ভৈরব নদী যশোরের ঐতিহ্য ও শহরের প্রাণ। নদী পরিষ্কারে সাধারণ মানুষের এগিয়ে আসা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। নদীতে বর্জ্য ফেলা বন্ধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে পৌরসভা দ্রুত পদক্ষেপ নেবে। এ কাজে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকেও যুক্ত করা হবে।”
স্বেচ্ছাসেবীদের দাবি, সাময়িক পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি নদীতে বর্জ্য ফেলা বন্ধ, অবৈধ দখল উচ্ছেদ, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং নদীর স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর কার্যকর ও দীর্ঘমেয়াদি উদ্যোগ প্রয়োজন।
একজন চিকিৎসকের হাত ধরে শুরু হওয়া এই উদ্যোগ যেন নতুন করে মনে করিয়ে দিয়েছে—শুধু অসুস্থ হওয়ার পর চিকিৎসা নয়, অসুস্থতার কারণ দূর করাও সুস্থ সমাজ গঠনের গুরুত্বপূর্ণ শর্ত। ডা. ঊষার একার উদ্যোগে শতাধিক মানুষের সম্পৃক্ততা সেই আশারই প্রতিফলন। তাঁদের এই সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে ভৈরব নদী ফিরে পাবে তার হারানো প্রাণ, এমন প্রত্যাশা স্থানীয়দের।
মনে পড়ে যায় একটি প্রত্যয়ী স্লোগান—‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।’







