লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল ১১ টায় চন্দ্রগঞ্জ উপজেলার হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিন নিপা।
বাজার মনিটরিং, যানজট নিরসন, চাঁদাবাজি প্রতিরোধ ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন উপজেলা প্রশাসন।
সভায় ইউএনও নিলুফা ইয়াসমিন নিপা জানান, পরিবেশগত ছাড়পত্র ছাড়া ইটভাটা চলতে দেওয়া হবে না। বাজারে জনদুর্ভোগ সৃষ্টি, যানজট ও চাঁদাবাজি প্রতিরোধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ব্যবসা পরিচালনায় ট্রেড লাইসেন্স, দোকানে মূল্যতালিকা প্রদর্শন এবং গ্রাম আদালতকে আরও সক্রিয় করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
চন্দ্রগঞ্জ থানার ওসি মো. আব্দুর রব জানান, মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
সভায় মোবাইল কোর্ট পরিচালনা, ‘স্বপ্নযাত্রা’ অ্যাম্বুলেন্সের আয়-ব্যয়ের স্বচ্ছতা এবং বাজারে অপ্রয়োজনীয় জটলা নিয়ন্ত্রণের বিষয়েও আলোচনা হয়।
এসব উদ্যোগ বাস্তবায়িত হলে চন্দ্রগঞ্জের বাজার ব্যবস্থাপনা ও জনদুর্ভোগ কমাতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করেন উপস্থিত সবাই।







