, ,

বর্ণাঢ্য আয়োজনে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন, কাল রবীন্দ্র সরোবরে সাংস্কৃতিক আয়োজন

নিউজটি শেয়ার করুন

মিনহাজ উদ্দিন সেলিম: লড়াই-সংগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠার ৫৮তম বার্ষিকী ২৯ অক্টোবর। এ উপলক্ষে ২৯-৩০ অক্টোবর দুই দিনব্যাপী কর্মসূচি শুরু করেছে উদীচী কেন্দ্রীয় সংসদ।

“সংগ্রাম শুরু করো মুক্তির, দিন নেই তর্ক ও যুক্তির” এই শ্লোগান নিয়ে বর্ণাঢ্য আয়োজনে ২৯ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনের সড়কে শুরু হয় এ অনুষ্ঠানমালা। এবারের কর্মসূচি উদ্বোধন করেন উদীচীর পতাকার রূপকার শিল্পী আনোয়ার হোসেন। এসময় জাতীয় সঙ্গীত, সংগঠন সঙ্গীত এবং একটি গণসঙ্গীত পরিবেশন করেন উদীচী কেন্দ্রীয় সঙ্গীত বিভাগের শিল্পীরা। এছাড়া, বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন উদীচী কেন্দ্রীয় আবৃত্তি বিভাগের বাচিক শিল্পীরা। তারা পরিবেশন করেন “শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা” শিরোনামে স্ক্রিপ্ট। এটি গ্রন্থনা করেছেন রিপন আচার্য শিশির এবং নির্দেশনা দিয়েছেন শিখা সেন গুপ্তা। এ পর্বটি সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম।

উদ্বোধনী পর্বের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সেগুনবাগিচা থেকে বের হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক হয়ে আবার অনুষ্ঠানস্থলে গিয়ে শেষ হয়। এরপর বিকাল ৫টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে শুরু হয় বুদ্ধির মুক্তি আন্দোলনের শতবর্ষ উপলক্ষে সেমিনার। একশ বছর আগে বাঙালি মুসলিম সমাজকে প্রগতিশীল চিন্তায় উদ্বুদ্ধ করার ক্ষেত্রে রেনেসাঁর মতো ভূমিকা রাখা এ আন্দোলনের বিষয়ে আলোচনা করেন বিশিষ্টজনেরা।

উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম-এর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন বাংলা একাডেমির গবেষক ও লেখক, মামুন সিদ্দিকি। এছাড়া, আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাবেরী গায়েন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম.এম আকাশ, উদীচী ঢাকা মহানগর সংসদের সভাপতি অধ্যাপক ড. রতন সিদ্দিকী। সেমিনারটি সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।

দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার দ্বিতীয় দিন, ৩০ অক্টোবর বিকাল ৩টা থেকে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে শুরু হবে উদীচীর নবীন-প্রবীণ কর্মীদের পুনর্মিলনী। এরপর বিকাল ৫টা থেকে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা পর্ব। সেখানে পরিবেশিত হবে গীতি-আলেখ্য “উদীচী, প্রগতির পদাতিক”। এটি গ্রন্থনা ও নির্দেশনা দিয়েছেন উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম। অনুষ্ঠানে উদীচীর শিল্পীদের পরিবেশনা ছাড়াও থাকবে দেশবরেণ্য শিল্পীদের একক ও সমবেত গান, আবৃত্তি, নৃত্য পরিবেশনা। এছাড়াও, পারিবারিক সফরে বাংলাদেশে অবস্থানরত ভারতের পশ্চিমবঙ্গের তরুণ জনপ্রিয় শিল্পী আরাত্রিকা সিনহাও উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে গান পরিবেশন করবেন।