ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়নে সংঘবদ্ধ একটি ভূমি জালিয়াত চক্রের বিরুদ্ধে ১৯.৫০ শতাংশ পৈতৃক জমি আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জালিয়াতির মাধ্যমে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে ৮২ শতাংশ জমি বিক্রি ও দখলের এই ঘটনায় ভুক্তভোগী পরিবার প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও ন্যায়বিচার দাবি করেছেন।
ঘটনার প্রেক্ষাপট
অভিযোগ সূত্রে জানা গেছে, কলাতিয়া ইউনিয়নের জৈনপুর গ্রাম সংলগ্ন ৫৮ নং বাইলা মৌজায় মৃত আকলিমুন নেছার নামে আর.এস. রেকর্ড অনুযায়ী ১৯.৫০ শতাংশ জমি রয়েছে। ভুক্তভোগী পরিবার উত্তরাধিকার সূত্রে এই জমির বৈধ মালিক। কিন্তু একটি প্রভাবশালী চক্র পরিকল্পিতভাবে ১৯৫৪ ও ১৯৬৩ সালের দুটি কথিত ভুয়া দলিল তৈরি করে জমির মালিকানা নিয়ে জটিলতা সৃষ্টি করে।
জালিয়াতির কৌশল
ভুক্তভোগীদের দাবি, জালিয়াত চক্রটি জাল কাগজপত্রের মাধ্যমে নিজেদের ৮২ শতাংশ জমির মালিক সাজিয়ে তা চিহ্নিত ভূমিদস্যুদের কাছে বিক্রি করে দেয়। অভিযোগ রয়েছে, বৈধ ওয়ারিশদের বিষয়টি সম্পূর্ণ গোপন রেখে আদালতকে বিভ্রান্ত করে একটি বিতর্কিত রায় বাগিয়ে নেওয়া হয়। পরবর্তীতে সেই জাল দলিল ও রায়ের ওপর ভিত্তি করে দ্রুততম সময়ে ৮২ শতাংশ জমির নামজারি সম্পন্ন করে ভূমিদস্যুরা।
হুমকি ও হয়রানি
ভুক্তভোগী পরিবার আরও অভিযোগ করেন, অভিযুক্তরা শুধু জমি দখল করেই ক্ষান্ত হয়নি; তারা অর্থের প্রভাব খাটিয়ে চলাচলের রাস্তা দখলসহ ভুক্তভোগীদের নানাভাবে হুমকি-ধমকি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগীরা গত ১৫ মার্চ ২০২৬ তারিখে কেরানীগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১১৭২) করেছেন।
ভুক্তভোগীদের দাবি
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, জালিয়াতির মাধ্যমে করা ভুয়া দলিল বাতিল ও অবৈধ নামজারি অবিলম্বে রদ করতে হবে। তারা বলেন,
”আমরা আমাদের পৈতৃক অধিকার ফিরে পেতে চাই। এই চক্রটি যেভাবে জালিয়াতকে আড়াল করে সাধারণ মানুষের জমি গ্রাস করছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এই এলাকায় ভূমি জালিয়াতি মহামারি আকার ধারণ করবে।”
এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার এই জালিয়াতির নেপথ্যে থাকা কুশীলবদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে ভূমি মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ কামনা করছেন।







