লালপুর (নাটোর) প্রতিনিধি:নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম কালুপাড়া গ্রামে বেওয়ারিশ ও রুগ্ন কুকুরের উপদ্রব ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
আক্রান্ত এসব কুকুরের আক্রমণে অতিষ্ঠ হয়ে পড়েছেন গ্রামের সাধারণ মানুষ ও খামারিসমূহ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছু কুকুরের শরীরে মারাত্মক ঘা ও পোকা ধরেছে। অসুস্থ ও রুগ্ন এসব কুকুর বসতি এলাকার ঘরের ভেতরে, এমনকি বিছানার নিচে লুকিয়ে থাকছে। কুকুরগুলোর শরীর থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে এবং এগুলো ইতোমধ্যে শিশুদের ওপর আক্রমণ চালিয়েছে। পাশাপাশি গ্রামের হাঁস-মুরগি ও ছাগল কামড়ে মেরে ফেলছে।ভুক্তভোগী লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার বাসিন্দা আব্দুল কাদের জানান, রুগ্ন ও হিংস্র কুকুরের উপদ্রবে তারা ঘরবাড়িতে নিরাপদে থাকতে পারছেন না। তাদের হাঁস-মুরগি ও গরু-ছাগল সার্বক্ষণিক ঝুঁকিতে রয়েছে। এ বিষয়ে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি স্থানীয় প্রশাসনের প্রতি আকুল আবেদন জানিয়েছেন।কুকুরের উপদ্রবের বিষয়ে গোপালপুর পৌরসভার এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি দ্রুত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয়কে অবহিত করে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।গ্রামবাসীর দাবি, বড় ধরনের কোনো দুর্ঘটনা বা জলাতঙ্কের মতো রোগ ছড়ানোর আগেই পৌরসভা ও উপজেলা প্রশাসন যেন অবিলম্বে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।#মোঃআইয়ুব আলী#লালপুর সংবাদদাতা#নাটোর# মোবাইল নং-০১৭৪০-৮৭৬০৮০।







