তাওহীদ হোসেন, কাপাসিয়া প্রতিনিধি,গাজীপুর: কাপাসিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর সাঁরাশি অভিযানে অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত থাকায় ২২ জনকে আটক করা হয়েছে। এসময় তিনটি এক্সকাভেটর (বেকু), সাতটি ড্রাম ট্রাক ও দুটি ট্রলি জব্দ করা হয়। পরে আটক কৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবেশ সংরক্ষণ আইন, বালু ও মাটি ব্যবস্থাপনা সংরক্ষণ আইন এবং ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩-এর ১৩/১৬ ধারা ও দণ্ডবিধি ১৮৬০-এর ৩৭৯ ধারায় পৃথক দুটি মামলা দায়ের করে আটক কৃতদের আদালতে পাঠানো হয়েছে।
আটক আসামিরা হলেন, ভিটিপাড়ার বাধন রায় (৩০), কাপাসিয়ার মোস্তফা (৫২) ও শাহরিয়ার (৩০), বড়ছিট এলাকার ওমর ফারুক (৩২), গাওরার এলাকার মো. সাইফুল ইসলাম (৩৫), মো. রিয়াজ উদ্দিন (৪৮), মো. নাসির উদ্দিন (৩২), রাকিব ভূইয়া (২৭), মো. আমজাদ (২৪), রফিকুল ইসলাম (২৭), মোকলেছ মিয়া (৩০), মো. বিল্লাল হোসেন (২৮), মাজিদুল (২৫), আব্দুল আজিজ (৩০), মো. মোতালিব (৩০), রিফাত (২০), মো. নাহিদ ইসলাম (২২), রনি (২৮), নাঈম (২৩) মো. নাঈম (২৫), সোহাগ (২২) ও শামীম (২৬)। আটক ব্যক্তিদের মধ্যে স্থানীয় ইটভাটা মালিক, শ্রমিক ও যানবাহনের চালক রয়েছেন।
এদিকে উপজেলা প্রশাসন মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখলেও কার্যত কোন কাজ হচ্ছে না। মাটি কাটা বন্ধ করতে হলে প্রথমে ভূমি মালিকদের আইনের আওতায় আনতে হবে। তারা মাটি বিক্রি না করলে এই মাটি বিক্রি অটোমেটিক বন্ধ হয়ে যাবে।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুর আলম জানায়, মাটি কাটায় জড়িত জব্দকৃত সরঞ্জাম থানা হেফাজতে রয়েছে এবং আসামিদের আদালতে পাঠানো হয়েছে। পরিবেশ ধ্বংসকারী এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। যেকোনো অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।







