, ,

এমপির সংবর্ধনায় চেয়ার ছোড়াছুড়ি ও সংঘর্ষ: আহত ১৫, তিতাস উপজেলা বিএনপি নেতা বহিষ্কার

নিউজটি শেয়ার করুন

মোঃ অহিদ, ​কুমিল্লা উওর প্রতিনিধি: কুমিল্লা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার গণসংবর্ধনা অনুষ্ঠানে ভয়াবহ বিশৃঙ্খলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিতাস উপজেলা বিএনপির সহ-সভাপতি এমদাদ হোসেন আখন্দকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

​বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশের কথা জানানো হয়।
​স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে তিতাস উপজেলার গোপালপুর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল আয়োজক ছিলেন তিতাস উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. জামাল প্রধান।
​প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে প্রধান অতিথি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া ও দলের জ্যেষ্ঠ নেতারা মঞ্চে আসন গ্রহণ করেন। এর কিছুক্ষণ পর জিয়ারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি এমদাদ হোসেন আখন্দ তার অনুসারীদের নিয়ে মিছিলসহ সভাস্থলে প্রবেশের চেষ্টা করেন। এ সময় আয়োজক পক্ষ মো. জামাল প্রধানের সমর্থকরা তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়।
​মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং উভয় পক্ষ চেয়ার ছোড়াছুড়ি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে প্রধান অতিথি সংসদ সদস্য সেলিম ভূঁইয়া দ্রুত মঞ্চ ত্যাগ করে বিদ্যালয়ের একটি কক্ষে নিরাপদ আশ্রয় নেন।
​সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ছয়জনকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন—অনুষ্ঠানের আয়োজক মো. জামাল প্রধান (৪৫), জামিল (৪৩), মতিন মিয়া (৬৫), রাফিন প্রধান (১৯), সিয়াম (১৭) ও সাফিন প্রধান (১৬)। বাকি আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
​এদিকে, সংঘর্ষের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে আবু জাহের নামে স্থানীয় এক ব্যক্তিকে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রসদৃশ বস্তু হাতে প্রতিপক্ষকে ধাওয়া করতে দেখা গেছে বলে স্থানীয়দের একাংশ দাবি করেছেন। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।