মো: আলাউদ্দীন হিরু, ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি
ফটিকছড়ি, চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী হামজার টিলা এলাকায় একই সাথে ভরাট খাল, জরাজীর্ণ ব্রিজ ও ফাটল ধরা প্রধান সড়ক ঘিরে তৈরি হয়েছে চরম এক অবহেলার চিত্র। দীর্ঘদিন ধরে অবহেলিত এই এলাকার ভরাট খাল, ভাঙনকবলিত সড়ক ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্রিজের কারণে বর্তমানে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো বাসিন্দা ও নিয়মিত যাতায়াতকারী অসংখ্য শিক্ষার্থী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, খালের পাড় ভেঙে রাস্তাটিতে মারাত্মক ফাটল ধরেছে এবং চারদিকে ফাটল ছড়িয়ে পড়ায় ভবিষ্যতে পুরো সড়কটি ধসে পড়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার তীব্র আশঙ্কা দেখা দিয়েছে। উপরন্তু, রাস্তার পাশের বড় বড় কয়েকটি গাছ ভেঙে খালের মধ্যে পড়ে যাওয়ায় সড়কটির ক্ষয়ক্ষতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। ফলে বর্তমানে কোনো রিকশা বা অটোরিকশা হামজার টিলার যাত্রী নিয়ে যেতে চায় না। অথচ এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী যাতায়াত করে। ফটিকছড়ি সরকারি করোনেশন মডেল উচ্চ বিদ্যালয়, ফটিকছড়ি সরকারি কলেজ এবং স্থানীয় বিভিন্ন ঐতিহ্যবাহী মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা প্রতিদিন এই বিপজ্জনক রাস্তা দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করছেন।
বিশেষভাবে উল্লেখ্য, স্থানীয় সমাজ প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ তালুকদার জানান—হামজার টিলা ও আশপাশের যোগাযোগের সুবিধার্থে নির্মিত ব্রিজটি কোনো সরকারি বড় বাজেট ছাড়াই সম্পূর্ণ সমাজ ও এলাকাবাসীর যৌথ অর্থায়ন ও সামাজিক আপ্যায়নে তৈরি হয়েছিল। তিনি আরও জানান, সরকারি বা পৌর কোনো সহযোগিতা না পাওয়ায় বিগত দিনেও এই প্রধান সড়কের খুঁটিনাটি সমস্যা ও ছোটখাটো সংস্কার কাজ এলাকাবাসী নিজস্ব অর্থায়নেই করে আসছেন। কিন্তু বর্তমানে সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে ব্রিজটি চারদিক থেকে ভেঙে মারাত্মক ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে; যেকোনো সময় এটি ভেঙে খালে তলিয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছেন পথচারীরা।
বিগত ১১-১২ বছর ধরে এই এলাকাটি পৌর সুযোগ-সুবিধা থেকে সম্পূর্ণ বঞ্চিত। বর্জ্য অপসারণের জন্য একটি ডাস্টবিনের ব্যবস্থাও যেমন করা হয়নি, তেমনি খালের পাড় ঘেঁষা এই সড়ক ও সেতুটি স্থায়ী সংস্কারে কোনো পদক্ষেপ নেয়নি সাবেক পৌর কর্তৃপক্ষ। একদিকে খালের পাশে ময়লা-আবর্জনা ও প্লাস্টিক জমে পানি নিষ্কাশন বন্ধ হয়ে সৃষ্টি হয়েছে মশা ও ডেঙ্গুর তীব্র আতঙ্ক; অন্যদিকে গাছ ভেঙে পড়া, সেতু ধস ও সড়কে বড় ধরনের ফাটলের ফলে যেকোনো মুহূর্তে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ার চরম আশঙ্কা তৈরি হয়েছে।
বর্তমানে পৌরসভায় নির্বাচিত প্রতিনিধি না থাকায় এলাকার এই চরম সংকট নিরসনে ফটিকছড়ি উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসকের সরাসরি হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী এলাকাবাসী ও শিক্ষার্থীবৃন্দ। তাদের আকুল আবেদন—হাজারো মানুষের যাতায়াত ও শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে ভরাট খালটি অবিলম্বে পুনঃখনন, মারাত্মক ঝুঁকিপূর্ণ ব্রিজটি পুনঃনির্মাণ এবং ফাটল ধরা সড়কটি দ্রুত স্থায়ীভাবে সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হোক। জনস্বার্থে এই খালের বর্জ্য অপসারণ ও যেকোনো সংস্কার কাজে স্থানীয় সচেতন এলাকাবাসী বরাবরের মতোই সর্বাত্মক স্বেচ্ছাশ্রম দিতে প্রস্তুত রয়েছেন।






