, ,

আশুলিয়ায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, অন্তত ৫০ কারখানায় ছুটি ঘোষণা

নিউজটি শেয়ার করুন

সোহেল হাওলাদার: সাভারের আশুলিয়ায় ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ তিন দফা দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলনে শ্রম অসন্তোষ দেখা দিয়েছে। আন্দোলনের মুখে আশুলিয়ার অন্তত ৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রোববার (১ নভেম্বর) দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া।

জানা গেছে, সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার আল-মুসলিম গার্মেন্টস, টাউজার লাইন ও নিউ এইজ গার্মেন্টস-এর শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কর্মবিরতি পালন শুরু করেন। পরে তারা কারখানা থেকে বের হয়ে সড়কে অবস্থান নেন। একপর্যায়ে তাদের সঙ্গে সংহতি জানিয়ে আশপাশের আরও কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরাও আন্দোলনে যোগ দেন।

পরে বেলা ১২টার দিকে নরসিংহপুর এলাকায় অনন্ত গার্মেন্টস-এর সামনে শ্রমিকরা সড়ক অবরোধ করে অবস্থান নেন। এ সময় আন্দোলনরত শ্রমিকদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

আন্দোলনরত শ্রমিকরা জানান, তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্ত করা বন্ধ এবং শ্রমিক ছাঁটাই বন্ধ করা। পাশাপাশি বিভিন্ন অজুহাতে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদও জানান তারা।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, শ্রমিকরা তিনটি প্রধান দাবি নিয়ে আন্দোলন করছেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হলো ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ। তিনি জানান, এ বিষয়ে আজ মজুরি বোর্ড গঠন করা হয়েছে। একই দাবিতে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা সড়কে নেমেছেন।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সকাল থেকেই বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। শ্রমিকদের আন্দোলনের কারণে অন্তত ৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।