সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার রেলওয়ে স্টেশন সংলগ্ন আমান ফিড মিলে (১৭ নভেম্বর) ন্যায্য মজুরি এবং অন্যায়ভাবে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে কর্মবিরতি ও ধর্মঘট পালন করছেন সাধারণ শ্রমিকরা।
মহিলা শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ তাদের দিয়ে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা দৈনিক চুক্তিভিত্তিক কাজ করিয়ে মাত্র ৩০০ টাকা মজুরি প্রদান করে। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং একজন সাধারণ শ্রমিকের দৈনিক মজুরির তুলনায় এই পারিশ্রমিক অত্যন্ত নগণ্য ও অমানবিক বলে দাবি করেছেন আন্দোলনরত শ্রমিকরা।
এ বিষয়ে আমান ফিড মিলের সাধারণ শ্রমিকদের সাথে কথা বললে তারা জানান, এখানে শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক দেওয়া হয় না। দীর্ঘ সময় হাড় ভাঙ্গা পরিশ্রম করিয়ে নামমাত্র মজুরি দেওয়া হয়। শ্রমিকেরা আরো বলেন,কোনো শ্রমিক যদি তার ন্যায্য বেতন-ভাতা বা অধিকার নিয়ে মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করেন, তবে তাকে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হয়।
শ্রমিকরা আরও জানান, ছাঁটাইয়ের ভয়ে অনেক শ্রমিক তাদের অসন্তোষের কথা বলতে সাহস পায়না। শ্রমিকেরা বলেন ন্যায্য মজুরি নির্ধারণ এবং বিনাকারনে শ্রমিক ছাঁটাই বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।
এবিষয়ে আমান ফিড মিলের জি-এম জনাব সালাউদ্দিন বলেন যারা শ্রমিক ধর্মঘট করছে তারা আমাদের শ্রমিক না। সকালে কাজে আসা শ্রমিকদের ফিড মিলে প্রবেশে বাধা দিয়ে কিছু বহিরাগতরা মিলের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করছে । এ বিষয়টি আমান ফিড মল ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।







