, ,

আজিমপুর সরকারি কলোনি উচ্ছেদ আতঙ্কে ৪১৮ পরিবার, পুনর্বাসনের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নিউজটি শেয়ার করুন

রাজধানীর আজিমপুর সরকারি কলোনিতে বসবাসরত প্রায় ৪১৮টি সরকারি পরিবারের সদস্যরা পুনর্বাসন ছাড়া উচ্ছেদের উদ্যোগ বন্ধ এবং তাদের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন।

ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, পরিকল্পনা কমিশনের এক সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আজিমপুর এলাকাতেই তাদের পুনর্বাসনের কথা থাকলেও তা বাস্তবায়ন না করে বিগত সরকারের আমলে তড়িঘড়ি করে কলোনি ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্তের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করার অভিযোগও তোলা হয়েছে।

পরিবারগুলোর দাবি, আজিমপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সল হালিমের নেতৃত্বে উচ্ছেদ কার্যক্রমের প্রস্তুতি নেওয়া হয় এবং এ সময় বহিরাগত সন্ত্রাসী ব্যবহার করে বাসিন্দাদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে বলে তারা অভিযোগ করেন। এছাড়া প্রকল্প সংশ্লিষ্ট কর্মকাণ্ডে কোটি কোটি টাকা অনিয়ম ও লুটপাটের অভিযোগও রয়েছে বলে দাবি করেন তারা।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কলোনিতে বসবাস করে আসা এসব পরিবারের মধ্যে চাকরিজীবী, অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী, নারী ও শিশু রয়েছে। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা হলে শত শত পরিবার চরম অনিশ্চয়তার মুখে পড়বে এবং তাদের সন্তানদের শিক্ষা ও ভবিষ্যৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

এ পরিস্থিতিতে ৪১৮টি পরিবারের পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহৃদয় দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি মানবিক ও ন্যায়সঙ্গতভাবে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

তবে এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তাদের মতামত জানার চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।