মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের অমর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে গলাচিপা উপজেলা প্রেসক্লাব।
২১ ফেব্রুয়ারি সকালবেলা গলাচিপা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। এ সময় প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন আমাদের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় ভাষা শহীদদের আত্মত্যাগ বাঙালি জাতিকে স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে।
বক্তারা আরও বলেন, মাতৃভাষার শুদ্ধ ব্যবহার ও ভাষা-চর্চা বিস্তারে সাংবাদিক সমাজের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরার মাধ্যমে দেশপ্রেম ও ভাষার প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।







