, ,

গাইবান্ধা সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিউজটি শেয়ার করুন

‎বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় গাইবান্ধা সরকারি কলেজ-এ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মদানকারী বীর শহিদদের স্মরণে কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
‎দিবসের সূচনায় জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে কলেজ অডিটোরিয়ামে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুর রশিদ। তিনি বলেন, বায়ান্নর ভাষা আন্দোলনই ছিল আমাদের স্বাধীনতার বীজ। নতুন প্রজন্মের উচিত সেই ত্যাগের মহিমা অন্তরে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া।
‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অধ্যাপক প্রফেসর আ ফ ম শহীদুর রহমান। মুখ্য আলোচক হিসেবে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন বাংলা ভাষার ইতিহাস, বিবর্তন এবং একুশে ফেব্রুয়ারির বিশ্বজনীন স্বীকৃতির তাৎপর্য তুলে ধরেন।
‎আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন, দেশাত্মবোধক গান ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
‎সমাপনী বক্তব্যে সভাপতি মোঃ মাসুদুর রহমান অনুষ্ঠানের সফল বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।