মোঃ আল আমিন, শেরপুর: শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মানবসেবামূলক সংগঠন “আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি)” সফলভাবে ৫০তম রক্তদান ও রক্তযোগান সম্পন্ন করে মানবতার সেবায় এক অনন্য মাইলফলক স্পর্শ করেছে।
প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি অসহায়, দুঃস্থ ও সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে আসছে। জরুরি মুহূর্তে রোগীদের রক্তের প্রয়োজন পূরণে “আসঝি”-এর স্বেচ্ছাসেবকরা দিন-রাত কাজ করে যাচ্ছেন। রক্তদাতা সংগ্রহ করে দ্রুত রোগীর পাশে পৌঁছে দেওয়ার ফলে অসংখ্য মানুষ নতুন জীবন ফিরে পেয়েছেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই ৫০টি রক্তদান ও রক্তযোগানের মাধ্যমে থ্যালাসেমিয়া রোগী, প্রসূতি মা, দুর্ঘটনায় আহত ব্যক্তি, অপারেশন রোগীসহ নানা সংকটাপন্ন মানুষ উপকৃত হয়েছেন। সবটাই পরিচালিত হচ্ছে নিছক মানবতার টানে ও সামাজিক দায়বদ্ধতা থেকে।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “মানুষ মানুষের জন্য—এই প্রতিজ্ঞা নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। রক্তের অভাবে যেন আর কোনো মানুষের জীবন ঝরে না যায়, সেই লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। আজ ৫০টি রক্তদান ও রক্তযোগান সম্পন্ন হওয়া আমাদের জন্য গর্বের। তবে এটি কেবল শুরু। ভবিষ্যতে আরও বড় পরিসরে মানবসেবামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।”
স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষ সংগঠনটির এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, তরুণদের এমন সামাজিক ও মানবিক কাজে সম্পৃক্ত হওয়া সমাজের জন্য অত্যন্ত ইতিবাচক বার্তা বহন করে। একইসঙ্গে তারা “আসঝি”-এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, রক্তদান কর্মসূচির পাশাপাশি আলোর সন্ধানে ঝিনাইগাতী দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সদস্যরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করছেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হারুনুর রশিদের নির্দেশনায় এবং সাধারণ সম্পাদক আশিক আহম্মেদের নেতৃত্বে সক্রিয় সদস্য সজিব, মাহাদী, জাহিদুল, তাসলিমা, জামাল, বাঁধন, স্বাধীন, নাজমুল, তারিফসহ সকলের অক্লান্ত পরিশ্রমে এই অর্জন সম্ভব হয়েছে।
মানবতার সেবায় নিবেদিত এই সংগঠনের উদ্যোগ স্থানীয় এলাকাসহ সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।






