, ,

সোনারগাঁয়ে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজটি শেয়ার করুন

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মাহমুদুল হাসান শিমুল (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটের দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের খালপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ ওয়াছেক মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় খালপাড় এলাকার জনৈক আব্দুল কাদিরের বসতবাড়ির সামনে ইটের সলিং রাস্তা থেকে মাহমুদুল হাসান শিমুলকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শিমুলের পিতার নাম মোঃ আমির হোসেন। তার স্থায়ী ঠিকানা কুমিল্লা জেলার তিতাস থানার মঙ্গলকান্দি রায়পুর গ্রাম। বর্তমানে তিনি ঢাকার রমনা থানাধীন ৭৬/সেগুনবাগিচা এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদকমুক্ত সমাজ গঠন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।