
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ীতে ব্যবসায়ী মো. জামাল উদ্দিনকে (৫৪) প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেফতার দুই আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তবে সরাসরি হামলায় জড়িতদের পাশাপাশি ঘটনার নেপথ্যে থাকা পরিকল্পনাকারী, অর্থদাতা ও ইন্ধনদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও তাঁর পরিবার।
সোমবার (২৩ নভেম্বর) নোয়াখালীর ১ নম্বর আমলি আদালতের (সোনাইমুড়ী) বিচারিক হাকিম আতিক উল্লাহ শুনানি শেষে গ্রেফতার মো. পিয়াসুল ইসলাম হৃদয় পুষ্পার (২৪) তিন দিন এবং আবদুল্লাহ আল বাপ্পির (২৪) এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সোনাইমুড়ী থানার,উপপরিদর্শক (এসআই) মো. মইজুল ইসলাম ইমন দুই আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেন।
গত ১৭ নভেম্বর রাতে উপজেলার মহিতখোলা ও ঘোষকামতা গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে পুলিশ।
মামলার তথ্য অনুযায়ী, গত ২৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা এলাকার বটগাছতলা নামক স্থানে সালাহ উদ্দিনের দোকানে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন ব্যবসায়ী জামাল উদ্দিন জামাল। এ সময় মুখোশধারী দুই ব্যাক্তি মোটরসাইকেল যোগে এসে থামিয়ে পিছনে এক ব্যক্তি মোটরসাইকেল পিস্তল বের করে তাঁকে লক্ষ্য করে গুলি এক রাউন্ড গুলি চালান। প্রাণ বাঁচাতে দাঁড়ানোর চেষ্টা করলে গুলিটি তাঁর ডান পায়ের মাংস ভেদ করে বেরিয়ে যায়।
এরপর দোকান থেকে প্রান বাচাতে বের হওয়ার চেষ্টা করলে বাইরে মোটরসাইকেল নিয়ে অপেক্ষায় থাকা আরেক মুখোশধারী তাঁকে লক্ষ্য করে আর এক রাউন্ড গুলি ছোড়েন। প্রাণ বাঁচাতে তিনি দোকানের টেবিলের নিচে আশ্রয় নেন।গুলিটি গায়ে না লেগে টেবিলে লাগে। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার পরিপ্রেক্ষিতে তাঁকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে ২৪ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন তিনি।
চিকিৎসা শেষে ২৮ অক্টোবর জামাল উদ্দিন সোনাইমুড়ী থানায় মামলা করেন। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় কল ডিটেইল রেকর্ড (সিডিআর) বিশ্লেষণ ও গোপন তথ্যের ভিত্তিতে দুই আসামির সংশ্লিষ্টতার তথ্য পায় বলে জানিয়েছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, এ ঘটনায় জামাল উদ্দিনের চাচাতো ভাই সৌদিপ্রবাসী শাহজাহান (৩০) এবং তাঁর পরিবারের সদস্যদের পরিকল্পনা, অর্থায়ন ও সমন্বয়ের বিষয়টিও তদন্তে উঠে এসেছে। তবে এ বিষয়ে তদন্তের চূড়ান্ত ফল এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় আদালতে প্রমাণিত হওয়া বাকি।
মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকির অভিযোগ
দুই আসামি গ্রেফতারের পর মামলা প্রত্যাহারের জন্য তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশ এবং লাশ গুমের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জামাল উদ্দিন। তাঁর দাবি, দীর্ঘদিনের সামাজিক, পারিবারিক ও ব্যবসায়িক বিরোধের জেরে তাঁকে হত্যার উদ্দেশ্যে ভাড়াটে হামলাকারীদের দিয়ে গুলি করানো হয়েছে।
তিনি বলেন, “আমাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। এখন আবার মামলা তুলে নিতে চাপ দেওয়া হচ্ছে। মামলা প্রত্যাহার না করলে আমাকে ও আমার পরিবারের সদস্যদের হত্যা এবং লাশ গুমের হুমকি দেওয়া হচ্ছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। যারা সরাসরি হামলা করেছে, যারা পরিকল্পনা করেছে এবং যারা অর্থ ও সহযোগিতা দিয়েছে—তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
শুধু হামলাকারী নয়, নেপথ্যের শক্তিকেও শনাক্ত করার দাবি
ভুক্তভোগী পরিবারের দাবি, এই মামলার তদন্ত যেন শুধু গ্রেফতার হওয়া দুই আসামির মধ্যে সীমাবদ্ধ না থাকে। হামলার নির্দেশদাতা, অর্থের জোগানদাতা, পরিকল্পনাকারী এবং পরবর্তী সময়ে মামলা প্রত্যাহারে চাপ প্রয়োগকারীদের পরিচয় ও ভূমিকা নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন।
সোনাইমুড়ী থানার উপপরিদর্শক মো. মইজুল ইসলাম ইমন জানান, ঘটনার সঙ্গে পরিকল্পনাকারী, ইন্ধনদাতা কিংবা পরোক্ষভাবে অন্য কেউ জড়িত রয়েছেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁদেরও আইনের আওতায় আনা হবে। পাশাপাশি ভুক্তভোগীর নিরাপত্তার বিষয়টিও পুলিশ দেখছে।
এখন ভুক্তভোগী পরিবারের প্রত্যাশা—তদন্ত হবে নিরপেক্ষ, সাক্ষী ও ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত হবে এবং অপরাধের সঙ্গে যার যতটুকু সম্পৃক্ততা প্রমাণিত হবে, আইন অনুযায়ী তার যথাযথ বিচার নিশ্চিত হবে। একজন নাগরিকের জীবনের নিরাপত্তা ও ন্যায়বিচার পাওয়ার অধিকার কোনোভাবেই হুমকির মুখে পড়তে পারে না।







