, ,

সীতাকুণ্ডে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫টি ভাসান জাল ও ৩৫ কেজি ইলিশ জব্দ

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে মা ইলিশ সংরক্ষণে পৃথক অভিযান চালিয়ে ৫টি ভাসান জাল ও ৩৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর, বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌ পুলিশ।

গত শনিবার (১০ অক্টোবর ২০২৬) দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার কুমিরা উপকূলের সন্দ্বীপ চ্যানেলে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মোতাছিম বিল্লাহ।

উপজেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ডের ভাটিয়ারী শাখার যৌথ অভিযানে ৫টি ভাসান জাল জব্দ করা হয়। জালগুলোর আনুমানিক দৈর্ঘ্য ১৫ হাজার মিটার এবং বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা। পরে জব্দ করা জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অন্যদিকে, নৌ পুলিশের পৃথক অভিযানে ৩৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে দুটি নিয়মিত মামলা করা হয়েছে। জব্দ করা ইলিশ মাছ স্থানীয় এতিমখানা এবং অসহায়, দুস্থ ও হতদরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা, মা ইলিশ সংরক্ষণ এবং দেশের মৎস্যসম্পদ রক্ষায় অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।