কুমিল্লা সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক দুটি অভিযানে প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় বাজি, ফুচকা ও বাসমতি চাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জেলার সদর দক্ষিণ উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশন ও সীমান্তবর্তী পালপাড়া এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। দুটি অভিযানে জব্দকৃত পণ্যের সম্মিলিত বাজারমূল্য ৯৮ লাখ ৪ হাজার ১৫০ টাকা।
১০ বিজিবি ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনের অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেল ৩টা ৪০ মিনিটে একটি বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালমান ফার্সি এবং ১০ বিজিবির অ্যাডজুটেন্টের নেতৃত্বে রসুলপুর রেলওয়ে স্টেশনে যৌথ অভিযান চালানো হয়।
এ সময় চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে ৪০ লাখ ৪ হাজার ৪০০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় বাজি, ফুচকা ও বাসমতি চাল জব্দ করা হয়।
অপরদিকে, একই দিন সন্ধ্যা ৬টার দিকে ১০ বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী পালপাড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৫৭ লাখ ৯৯ হাজার ৭৫০ টাকা মূল্যের ভারতীয় বাজি আটক করে।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত মালামালের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
১০ বিজিবির এক কর্মকর্তা জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।







