, ,

শিক্ষার্থীর সার্বিক কল্যাণে আধুনিক ও নৈতিক শিক্ষার বিকল্প নেই

নিউজটি শেয়ার করুন

মিরপুর মডেল একাডেমির অভিভাবক-শিক্ষক মতবিনিময় সভায় আলহাজ্ব রুহুল আমিন

শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ সুনিশ্চিত করার লক্ষ্য নিয়ে মিরপুর মডেল একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীর ভাবগাম্ভীর্যপূর্ণ মতবিনিময় সভা। সভায় বক্তারা একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় কোমলমতি শিক্ষার্থীদের কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, প্রযুক্তি ও মানবিক মূল্যবোধে বলীয়ান আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
মিরপুর মডেল একাডেমির প্রধান শিক্ষক শুভাশীষ কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আবেগঘন বক্তব্য প্রদান করেন বিদ্যালয় পরিচালনা কমিটির চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব রুহুল আমিন অত্যন্ত আবেগপ্লুত কণ্ঠে বলেন, “প্রতিটি শিশু এক একটি সম্ভাবনার বীজ। অভিভাবকগণ যে অগাধ আস্থা ও বিশ্বাস নিয়ে তাঁদের সন্তানদের আমাদের হাতে অর্পণ করেছেন, সেই আমানত রক্ষা করা আমাদের ঈমানী ও নৈতিক দায়িত্ব। আমাদের মূল লক্ষ্য— ‘শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ’-এর অপূর্ব সমন্বয়ে এমন একটি প্রজন্ম গড়ে তোলা, যারা কেবল পরীক্ষায় জিপিএ-৫ পাবে না, বরং দেশের যোগ্য, সুনাগরিক ও সহমর্মী মানুষ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে।”
শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও গুণগত মান উন্নয়নের ওপর বিশেষ জোর দিয়ে তিনি আরও বলেন, “আজকের বিশ্ব প্রযুক্তিনির্ভর। যুগের সাথে তাল মেলাতে আমাদের শিক্ষার্থীদের আধুনিক আইসিটি শিক্ষায় শিক্ষিত হতে হবে। এই লক্ষ্যেই আমাদের স্কুলে ডিজিটাল ল্যাব, ১০টি মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ ও সমৃদ্ধ লাইব্রেরি স্থাপন করা হয়েছে। তবে শুধু প্রযুক্তির বিকাশই যথেষ্ট নয়, শ্রেণি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে গভীর দেশাত্মবোধ ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। অনগ্রসর ও অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের হাত আমরা কখনোই ছেড়ে দেব না; তাদের জন্য আর্থিক সহায়তা ও মনিটরিং ব্যবস্থা অব্যাহত থাকবে।”
বিদ্যালয়ের ঐতিহাসিক যাত্রার কথা স্মরণ করে তিনি বলেন, “১৯৮৭ সালে মাধ্যমিক স্তরে উন্নীত হওয়ার পর থেকে আজ চার হাজার শিক্ষার্থীর এই সুবিশাল পরিবারে ১০৩ জন নিবেদিতপ্রাণ শিক্ষক নিরলস কাজ করছেন।
পরিশেষে পরিচালনা পর্ষদ, শিক্ষক, এলাকা বাসি ও অভিভাবকদের সম্মিলিত সহযোগিতার উদাত্ত আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনাদের যেকোনো শুভ পরামর্শ আমরা মাথার তাজ করে রাখব। সকলের হাত ধরে আমাদের স্বপ্নের এই প্রতিষ্ঠান কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবেই, ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক, শিক্ষক প্রতিনিধি মশিউর রহমান সুমন এবং অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ নাসিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ।