চট্টগ্রামের লোহাগাড়া থানা ও চুনতি পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র দীর্ঘ সময় পার হলেও এখনো উদ্ধার হয়নি। ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত লুটের ঘটনার পর অধিকাংশ অস্ত্র বাইরে থাকায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এসব অস্ত্র অবৈধভাবে ব্যবহৃত হলে ভোটের পরিবেশ বিঘ্নিত হতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ও সচেতন মহল।
নির্বাচন সামনে রেখে এসব অস্ত্র অবৈধভাবে ব্যবহৃত হলে ভোট প্রক্রিয়ায় বিশৃঙ্খলা ও জনমনে আতঙ্ক সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চট্টগ্রাম–১৫ (লোহাগাড়া–সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি মনোনীত প্রার্থী লায়ন নাজমুল মোস্তফা আমিন ও জামায়াত মনোনীত প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
স্থানীয় সাংবাদিকদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় তারা নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরাপদ করতে দ্রুত এসব অস্ত্র উদ্ধারের দাবি জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকার পতনের পর সৃষ্ট সহিংসতার সময় থানা ও ফাঁড়ির অস্ত্রাগার থেকে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র লুট করা হয়। লুট হওয়া প্রায় ৩৮টি আগ্নেয়াস্ত্রের মধ্যে এখনো অধিকাংশ উদ্ধার হয়নি। এর মধ্যে পিস্তল, শর্টগান, গ্যাসগান, এসএমজি ও রাইফেল রয়েছে। বিভিন্ন সময় অভিযানে কয়েকটি অস্ত্র উদ্ধার হলেও বড় অংশ এখনো বাইরে রয়েছে।
চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসে সাতকানিয়া ও লোহাগাড়ার বিভিন্ন এলাকায় অভিযানে অস্ত্র ব্যবসায়ী ও সংশ্লিষ্ট কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। এসব অভিযানে লুট হওয়া কিছু অস্ত্র, গুলি ও টিয়ারশেল উদ্ধার করা হয়।
এলাকার সচেতন মহলের মতে, লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। নির্বাচনকে সামনে রেখে এসব অস্ত্র ব্যবহৃত হলে পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিন বলেন, নির্বাচনের আগে লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়টি তিনি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন। কিন্তু এখনো অধিকাংশ অস্ত্র উদ্ধার না হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক।
লুট হওয়া অস্ত্র উদ্ধার না হলে সুষ্ট নির্বাচন নিয়ে গভীর শংকা প্রকাশ করেছেন জামায়াত প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী। তিনি বলেন, শান্তিপূর্ণ ভোটের স্বার্থে অবিলম্বে সব অবৈধ অস্ত্র উদ্ধার করা জরুরি।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল বলেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে জনসাধারণের সহযোগিতা ও কামনা করেন তিনি।







