গত বৃহস্পতিবার (৪ জুন) যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নেতৃত্বে অনুমোদিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটির তালিকা প্রকাশ করা হয়।
এতে সহ-সাধারণ সম্পাদক হিসেবে স্থান পান মো. মামুন হোসেন ভূঁইয়া।
মামুন হোসেন ভূঁইয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক পদধারী নেতা। দীর্ঘদিন ধরে তিনি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। ছাত্ররাজনীতি থেকে শুরু করে মাঠপর্যায়ের বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে তিনি নেতা-কর্মীদের কাছে সুপরিচিত।
কেন্দ্রীয় যুবদলের গুরুত্বপূর্ণ পদে তাঁর মনোনয়নের খবরে দাউদকান্দি উপজেলা ও পৌর এলাকাসহ কুমিল্লার বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। স্থানীয় যুবদল, ছাত্রদল ও বিএনপির নেতা-কর্মীরা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
স্থানীয় নেতা-কর্মীদের মতে, মামুন হোসেন ভূঁইয়া দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে দলের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন। তাঁর এই অর্জন দাউদকান্দির রাজনৈতিক অঙ্গনের জন্য গর্বের বিষয়। একই সঙ্গে এটি এলাকার তরুণ রাজনৈতিক কর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে বলেও তাঁরা মনে করেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় মামুন হোসেন ভূঁইয়া দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের মাননীয় সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন এবং কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, “দল যে দায়িত্ব আমার ওপর অর্পণ করেছে, তা সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করব। যুবসমাজকে সঙ্গে নিয়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।”
দাউদকান্দির রাজনৈতিক অঙ্গনে মামুন হোসেন ভূঁইয়ার এ পদায়নকে যুব নেতৃত্বের জন্য গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছেন স্থানীয় নেতা-কর্মীরা।




