সৈয়দ আতিক: বরেণ্য শিক্ষাবিদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষক নেতা প্রিন্সিপাল মাওলানা মো. নূরুল হুদার ১৩তম মৃত্যুবার্ষিকী ছিল সোমবার। ২০১৩ সালের এই দিনে ঘাতক ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
চার দশকের বেশি সময় ধরে দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রিন্সিপালের দায়িত্ব পালনসহ অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে তিনি শিক্ষকতা পেশায় নিবেদিত ছিলেন। মাওলানা নূরুল হুদা কওমী ও আলীয়া—উভয় ধারার শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ ডিগ্রি (দাওরায়ে হাদীস ও কামিল) অর্জনকারী একজন বিরল ব্যক্তিত্ব ছিলেন। কোরআন, হাদিস, ফিকাহ ও আরবী সাহিত্যে তাঁর গভীর পান্ডিত্য ছিল। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি বহু হক্কানী আলেমে দ্বীন তৈরি করেছেন। মৃত্যুকালে তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইলে অবস্থিত ঐতিহ্যবাহী হারবাইদ দারুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদরাসার প্রিন্সিপাল হিসেবে কর্মরত ছিলেন।
শিক্ষার প্রসারে প্রিন্সিপাল নূরুল হুদা অনন্য ভূমিকা পালন করেন। তিনি গাজীপুরের টঙ্গীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল-হেলাল স্কুল ও আল-হেলাল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি সোনাগাজীর আমিরাবাদ ইসলামিয়া সিনিয়র মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, মানিকদি সিনিয়র মাদরাসার প্রিন্সিপাল এবং সোনাগাজী ফাজিল মাদরাসা ও ভাদাদিয়া মাদরাসায় শিক্ষকতা করেন। আমৃত্যু তিনি তামিরুল মিল্লাত কামিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিবের দায়িত্বও নিষ্ঠার সাথে পালন করেন।
তিনি একাধারে দেশবরেণ্য ওয়ায়েজ, একাধিক মসজিদের খতিব এবং সমাজসেবামূলক প্রতিষ্ঠান ‘নূরাইন ফাউন্ডেশন’-এর প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক ছিলেন। জমিয়াতুল মোদার্রেছীন ও মাদরাসা শিক্ষক সমিতিসহ বিভিন্ন সংগঠনে নেতৃত্ব দিয়ে তিনি শিক্ষকদের অধিকার আদায়ে ও দেশে ইসলাম বিরোধী তৎপরতার বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেন। লেখালেখির পাশাপাশি তিনি জনপ্রিয় সাপ্তাহিক ‘সংবাদদাতা’ পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি ছিলেন।
পারিবারিক জীবনে তিনি চার পুত্র ও সাত কন্যা সন্তানের জনক। তাঁর জ্যেষ্ঠ পুত্র এম আবদুল্লাহ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি ও দৈনিক আমার দেশের যুগ্ম সম্পাদক, মেঝ পুত্র এম এনায়েত উল্লাহ কমফোর্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, সেঝ পুত্র মুহাম্মদ হেদায়েত উল্লাহ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর গাজীপুর জেলা সংবাদদাতা, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের (জেইউজি) সাধারণ সম্পাদক ও আল-হেলাল স্কুলের প্রিন্সিপাল এবং কনিষ্ঠ পুত্র অ্যাডভোকেট সানাউল্লাহ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।







