সিজান সিদ্দিকী, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে সনাতন ধর্মাবলম্বী দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ তহবিল হতে এবং নিজস্ব অর্থায়নে ৪০০ টি শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন নওগাঁ- ৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
আজ সোমবার (১৯ অক্টোবর) বদলগাছী লাবণ্যপ্রভা কমিউনিটি পাইলট গার্লস হাইস্কুলে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলার ৮ টি ইউনিয়নের প্রতিটিতে ৫০ করে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
এ সময় উপজেলার ৮ টি ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর মানুষ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি জাকির চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান’সহ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ সময় এমপি ফজলে হুদা বাবুল সনাতন ধর্মাবলম্বীদের বলেন, সৃষ্টিকর্তার দয়ায় আমাদের বদলগাছী-মহাদেবপুর (নওগাঁ-৩ আসন) এলাকায় কখনো হিন্দু-মুসলমান কোন সমস্যা হয়নি এবং আমি নির্বাচনের আগে বলছি যে আপনাদের কোন সমস্যা হতে দিব না। কোন সমস্যা হলে আমাকে সরাসরি বলবেন।
তিনি আরও বলেন, আমাদের কাছে যেন ধর্মটা প্রধান হয়ে না ওঠে। ধর্ম নিয়ে যেন আমরা ব্যবসা বাণিজ্য না করি।
আমার আসনে আমাকে বিতরণ করার জন্য ১৮০ টি বস্ত্র দেওয়া হয়েছে, দুই উপজেলা মিলে। তখন আমরা নেতা-কর্মীরা মিলে সিদ্ধান্ত নিলাম আমিও কিছু দিই। আপনাদের জন্য এই সামান্য উপহার, আমরা সকলে একসাথে আনন্দটা করতে চাই।






